সহস্রাধিক শাখা ও গ্রাহক সন্তুষ্টিকে ২০০৭ সালে ‘সুনাম’ হিসেবে দেখিয়ে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকার মূলধন ঘাটতিকে কাগজে-কলমে সমন্বয় করেছিল সোনালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সে সময় তাতে বিরোধিতা করলেও সরকার সম্মতি দেয়।
কিন্তু এখন সেই দায় আর সুনাম দিয়ে মেটানো সম্ভব হচ্ছে না। কারণ, মূলধন সংরক্ষণে গত জানুয়ারি থেকে ব্যাসেল-৩ নামে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে নীতি অনুসরণ করা হচ্ছে, তাতে ঘাটতিকে আর সুনামের সঙ্গে সমন্বয়ের সুযোগ নেই।
২০০৭ সালে সরকারের পক্ষ থেকে মূলধন ঘাটতি পূরণে ব্যাংকটিকে ১০ বছর সময় দেওয়া হয়। ইতিমধ্যে সাত বছর অতিবাহিত হয়েছে কিন্তু সোনালী ব্যাংকের মূলধন ঘাটতি পূরণ হয়নি।
বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাসেল-৩-এর চাহিদা অনুযায়ী ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের ন্যূনতম যে চাহিদা রয়েছে, সেটিও নেই সোনালী ব্যাংকের। ব্যাসেল-৩ অনুযায়ী, যেকোনো ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ন্যূনতম ১০ শতাংশ মূলধন থাকা বাধ্যতামূলক। কিন্তু সেখানে সোনালী ব্যাংকের মূলধন রয়েছে ২ দশমিক ৮৮ শতাংশ। অর্থাৎ ন্যূনতম চাহিদার চেয়ে ৭ শতাংশ কম।
তাই বাংলাদেশ ব্যাংক সুস্পষ্টভাবে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদকে জানিয়ে দিয়েছে, এখন অর্থ দিয়েই মূলধন ঘাটতি পূরণ করতে হবে। এ ক্ষেত্রে ‘সুনাম’ ব্যবহারের সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০১৪ সালের ডিসেম্বরে রাষ্ট্রমালিকানাধীন বৃহত্তম এ ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ ছিল ১ হাজার ৯৭২ কোটি টাকা। আর চলতি বছরের জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৭৮ কোটি টাকায়।
চলতি বাজেটে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোকে মূলধন জোগান দেওয়ার জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এদিকে, বর্তমানে যেসব ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে, সেসব ব্যাংকের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠকের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার প্রথম সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংকের চার সদস্যের একটি দল। এ দলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক এস এম রবিউল হাসান। ওই দলে আরও ছিলেন একই বিভাগের উপমহাব্যবস্থাপক ইব্রাহীম ভূঁইয়া, যুগ্ম পরিচালক শবরী ইসলাম।
জানতে চাইলে সোনালী ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ব্যাসেল-৩ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক আমাদের কিছু দিকনির্দেশনা দিয়েছে। আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অনেক খুঁটিনাটি বিষয় জানতে পেরেছি। এখন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে।’
জানা গেছে, সোনালী ব্যাংকের পর বাংলাদেশ ব্যাংকের দল ধারাবাহিকভাবে রাষ্ট্রমালিকানাধীন জনতা ও বেসিক ব্যাংক এবং বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংক ও হাবিব ব্যাংক অব পাকিস্তানের সঙ্গেও বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে।