সোনালী ব্যাংকের শিলিগুড়ি শাখার ব্যবসা বাড়ছে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরে অবস্থিত বাংলাদেশের সোনালী ব্যাংকের শাখাটি দিন দিন ভালো ব্যবসা করছে।এই শাখা গত মার্চে শেষ হওয়ায় ২০১২-১৩ ভারতীয় অর্থবছরে নয় লাখ ৫১ হাজার রুপি মুনাফা করেছে। ২০০১ সালে শাখাটি চালুর পর থেকে এটিই হলো এর সর্বোচ্চ মুনাফা। শাখাটির ব্যবস্থাপক এ কে এম সেলিম আহমেদ সম্প্রতি প্রথম আলোকে এসব তথ্য জানান। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য ও ভুটানের প্রবেশপথ হিসেবে বিবেচিত এবং এর কাছাকাছি অবস্থানে রয়েছে বিহার রাজ্য। তাই ওই অঞ্চলে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সোনালী ব্যাংকের এই শাখা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।সোনালী ব্যাংকের শাখাটিতে বিগত অর্থবছর শেষে মোট আমানতের পরিমাণ ছিল দুই কোটি ৫২ লাখ ৪১ হাজার রুপি। আলোচ্য অর্থবছরে শাখাটি দুই কোটি ৫৭ লাখ ৫৭ হাজার রুপি ঋণ দিয়েছে, যা এর আগের অর্থবছরে ছিল এক কোটি সাত লাখ ৯৫ হাজার রুপি। গত অর্থবছরে শাখাটির সর্বমোট বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় এক কোটি ৪১ লাখ মার্কিন ডলার, যা এর আগের বছরে ছিল ৮৪ লাখ ৬০ হাজার ডলার।