হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের কাছে অন্য ব্যাংকের ১ হাজার কোটি টাকার বেশি অর্থ আটকে পড়েছিল। প্রায় তিন বছর পর এ পাওনা মেটাতে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত সোনালী ব্যাংকে হিসাব থেকে অর্থ কেটে পরিশোধ শুরু করেছে।
প্রাথমিকভাবে দুই গ্রাহকের ১ লাখ সাড়ে ৪২ হাজার ডলার পরিশোধ করা হয়েছে।
জানা গেছে, গত বুধবার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রাহক প্রতিষ্ঠান এনজেডওয়াই স্পিনিং মিলের পাওনা ১ লাখ ১২ হাজার ৩৭০ ডলার পরিশোধ করা হয়। আর গতকাল বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের গ্রাহক নোভেল টাচ নামের একটি প্রতিষ্ঠানের পাওনা ৩০ হাজার ৩৭ ডলার পরিশোধের সিদ্ধান্ত হয়েছে।
এর আগে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫৮৬টি বিল পরিশোধে অনাপত্তি দেয়। পর্ষদের অনাপত্তি দেওয়া এসব বিলের মূল্য পরিশোধের জন্য কেন্দ্রীয় ব্যাংক কয়েক দফা নির্দেশ দিলেও তা গড়িমসি করে পরিশোধ করেনি ব্যাংক। ফলে বাংলাদেশ ব্যাংক এ ব্যবস্থা নিয়েছে।
সূত্র জানায়, সোনালী ব্যাংকের স্বীকৃতির বিপরীতে অন্য ব্যাংকের কেনা মোট বিলের সংখ্যা ২ হাজার ৩৪২টি। যার বিপরীতে ৪১টি ব্যাংকের ১ হাজার ৩১৬ কোটি টাকা পাওনা রয়েছে। এসব বিলের মধ্যে সোনালী ব্যাংকের পর্ষদ ১০টি বিষয় যাচাই করে
অন্য ব্যাংকের ৫৮৬টি বিলের মূল্য পরিশোধের অনুমোদন দেওয়া হয় বেশ আগে। এর মধ্যে এখন পর্যন্ত ৩৫৯টি বিলের বিপরীতে ৭৮ কোটি ৯০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। বাকি ২২৭টি বিলের বিপরীতে পাওনা দীর্ঘদিন ধরে অপরিশোধিত আছে।
এ বিষয়ে সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি সোনালী ব্যাংককে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। তাতে ১৯ ফেব্রুয়ারির মধ্যে জবাব দিতে বলা হয়। একই সঙ্গে চিঠি কেন তাদের হিসাব থেকে অর্থ কেটে পরিশোধ করা হবে না তাও জানাতে বলা হয়। সোনালী ব্যাংক উপযুক্ত জবাব দেওয়ায় অর্থ কেটে পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়।