সোনাহাট দিয়ে আমদানি শুরু

ভারত থেকে ২৮ মেট্রিক টন কয়লা আমদানির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল দেশের ১৮তম স্থলবন্দর কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট। বাংলাদেশ-ভারত সীমান্তের উভয় পারে শত শত মানুষের করতালির মধ্য দিয়ে রংপুরের কাস্টমস কমিশনার মুজিবুর রহমান গত সোমবার এই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কার্যক্রমের উদ্বোধন করেন।
ভারতের আসাম রাজ্যের ধুপড়ি জেলার ডেপুটি কমিশনার টি তামির, কাস্টমস কমিশনার জি প্যানমি, ধুপড়ি সিঅ্যান্ডএফ সমিতির নেতারা এবং বিএসএফ ও কাস্টমসের কর্মকর্তারা ওই দিন বেলা দুইটায় ২৮ মেট্রিক টন কয়লাভর্তি একটি ট্রাক নিয়ে সীমান্তের জিরো পয়েন্টে আসেন। তাঁদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান রংপুরের কাস্টমস কমিশনার মুজিবুর রহমান, যুগ্ম কমিশনার কামরুজ্জামান, সোনাহাট এলসি স্টেশনের সুপার মো. জাকির হোসেন, ভূরুঙ্গামারী উপজেলার চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জে এম এরশাদ আহসান হাবিব।
এ সময় টি তামির প্রথম আলোকে বলেন, স্থলবন্দরটি চালু হওয়ায় দুই দেশই উপকৃত হবে।
উল্লেখ্য, গত বছরের ৪ সেপ্টেম্বর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সোনাহাট স্থলবন্দরের অবকাঠামো ও পণ্য আমদানি-রপ্তানির ফলক উন্মোচন করলেও ভারতীয় কাস্টমসে জটিলতার কারণে কার্যক্রম শুরু হয়নি। অবশেষে আট মাস পর আমদানি শুরু হয়েছে। তবে রপ্তানি শুরু হতে আরেকটু সময় লাগবে।
মুজিবুর রহমান বলেন, সোনাহাট স্থলবন্দর চালু হওয়ায় এই এলাকার উন্নয়নে বিরাট প্রভাব পড়বে।
সোনাহাট কাস্টম সিঅ্যান্ডএফ সমিতির সম্পাদক সরকার রকীব আহম্মেদ বলেন, এই স্থলবন্দরের সঙ্গে নদীবন্দর চালু থাকায় সড়কের পাশাপাশি নৌপথেও পণ্য পরিবহনের সুবিধা কাজে লাগানো যাবে।
সংশ্লিষ্ট সূত্রমতে, প্রাথমিকভাবে এ বন্দর দিয়ে পাথর, কয়লা, তাজা ফল, ভুট্টা, গম, চাল, ডাল, রসুন, আদা ও পেঁয়াজ—এই ১০টি পণ্য আমদানি হবে। আর সব ধরনের পণ্যই রপ্তানি করা যাবে। তবে তা আপাতত শুরু হচ্ছে না।