সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
রংপুরের কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট কার্যালয়ের কমিশনার মোহামঞ্চদ এনামুল হক গতকাল বুধবার দেশের ১৮তম এই স্থলবন্দরটির কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় কুড়িগ্রামের পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জে এম এরশাদ আহসান হাবিব, সোনাহাট সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক সরকার রকিব আহমেদ জুয়েল, শিল্পপতি গোলাম মোস্তফাসহ বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। স্থানীয় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবে পরিণত হয়।
কাস্টমস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এ বন্দর দিয়ে ভারত থেকে ১০টি পণ্য আমদানি করা যাবে। পণ্যগুলো হচ্ছে পাথর, কয়লা, তাজা ফল, ভুট্টা, গম, চাল, ডাল, রসুন, আদা ও পেঁয়াজ। তবে রপ্তানি করা যাবে সব ধরনের পণ্য।
সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ সমিতির সাধারণ সম্পাদক সরকার রকীব আহমেদ জানান, প্রথম দফায় গতকাল নীলফামারী জেলার সৈয়দপুরের মেসার্স মো. সেলিম ১০ মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জের মেসার্স আলফাজ অ্যান্ড সন্স ১৫ মেট্রিক টন ও রংপুরের মেসার্স কাজী ইন্টারন্যাশনাল ৫০ মেট্রিক টন কয়লা আমদানি করেছে।
আলফাজ অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী ইসাহাক আলী জানান, সোনাহাট দিয়ে তাঁরা ভারতের পূর্বাঞ্চলীয় সাত রাজ্য আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, ত্রিপুরা ও মেঘালয়ে পোশাকসামগ্রী রপ্তানির প্রক্রিয়া শুরু করেছেন।
ভারতের আসাম রাজ্যের আমদানি-রপ্তানিকারক গদাধর দত্ত বলেন, এই স্থলবন্দর চালু হওয়ায় দীর্ঘ পথ পাড়ি দেওয়ার বিড়ম্বনা, সময় ও পরিবহন ব্যয় অনেক কমবে। এতে দুই দেশের ব্যবসায়ী ও ভোক্তারা লাভবান হবেন।