সোমবার এনভয় টেক্সটাইলের আইপিওর ড্র
রপ্তানিমুখী পোশাক কারখানা এনভয় টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র আগামী সোমবার অনুষ্ঠিত হবে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বেলা সাড়ে ১০টায় এই ড্র অনুষ্ঠিত হবে। পরে লটারির ফলাফল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), এনভয় টেক্সটাইল ও ইস্যু ব্যবস্থাপক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে। কোম্পানি সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানি সূত্রে জানা যায়, এ কোম্পানির আইপিওতে মোট তিন লাখ ৪০ হাজার ৭৩টি আবেদন জমা পড়ে। টাকার হিসাবে এর মূল্যমান ৩২৬ কোটি ১৩ লাখ ১৮ হাজার টাকা, যা আইপিও মূল্যের প্রায় সাড়ে তিন গুণ। কোম্পানিটি মোট তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৯০ কোটি টাকা উত্তোলন করবে। এর বিপরীতে ৩২৬ কোটি ১৩ লাখ ১৮ হাজার টাকার আবেদন জমা পড়েছে। এর মধ্যে ২০ শতাংশ বা ৬০ লাখ শেয়ার বরাদ্দ থাকবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য। টাকার হিসাবে যার মূল্যমান ১৮ কোটি টাকা। ১০ শতাংশ বা ৩০ লাখ শেয়ার বরাদ্দ থাকবে প্রবাসী বাংলাদেশিদের জন্য। ১০ শতাংশ বা ৩০ লাখ শেয়ার বরাদ্দ থাকবে মিউচুয়াল ফান্ডের জন্য। বাকি ৬০ শতাংশ শেয়ার বরাদ্দ থাকবে সাধারণ বিনিয়োগকারীদের জন্য। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ থেকে কোম্পানিটি মেশিনারিজ ক্রয়, চলতি মূলধন বৃদ্ধি ও আইপিওর খরচ খাতে ব্যয় করবে।এনভয় টেক্সটাইলের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড ও সহযোগী ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।এনভয় টেক্সটাইল লিমিটেডের আইপিওতে শেয়ার বরাদ্দের জন্য স্থানীয় অধিবাসীদের কাছ থেকে গত ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। প্রবাসীদের জন্য এ সুযোগ ছিল ৩১ অক্টোবর পর্যন্ত।