সোয়ান গার্মেন্টসের শ্রমিকেরা এবার ঈদের খুশিবঞ্চিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাসের বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে তিন দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন সোয়ান গার্মেন্টসের কয়েক শ শ্রমিক। ঈদের আগে তাঁদের দাবি পূরণের কোনো আশ্বাস এখন পর্যন্ত মেলেনি।
গাজীপুরের হোতাপাড়ার সোয়ান গার্মেন্টসের ১ হাজার ৩০০ শ্রমিক গত এপ্রিল থেকে বেতন পান না। কাল বৃহস্পতিবারের মধ্যে পাওনা বুঝে না পেলে ঈদের খুশি থেকেই হয়তো বঞ্চিত হবেন তাঁরা। গত বছর যেমনটি হয়েছিল উত্তর বাড্ডার তোবা গ্রুপের পাঁচ কারখানার দেড় হাজার শ্রমিকের। তাঁরাও তিন মাসের বেতন-ভাতার দাবিতে ঈদের সময় টানা ১১ দিন অনশন করেছিলেন।
সোয়ান গার্মেন্টসের শ্রমিকেরা গত রোববার থেকে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করছেন। সংগঠনটির কার্যকরী সভাপতি সাদেকুর রহমান শামীম বলেন, ‘তিন মাস ধরে শ্রমিকেরা বকেয়া বেতন দেওয়ার দাবি জানাচ্ছেন। তবে কেউ উদ্যোগী হয়ে সমস্যাটির সমাধান করেনি। গত বৃহস্পতিবার আমরা প্রধানমন্ত্রীর বরাবরও স্মারকলিপি দিয়েছি।’
ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ বলেন, কারখানাটির চীনা মালিক এপ্রিলে মারা গেছেন। মালিকানা নিয়ে এখন জটিলতা চলছে। তবে বিষয়টি সহজেই মীমাংসা করা সম্ভব। কারণ, কারখানার জায়গাটি ইসলামী ব্যাংকের কাছে বন্ধক রেখে নয় কোটি টাকা ঋণ নিয়েছিলেন মালিক। একই সঙ্গে জমিটি বিক্রির জন্য একটি গ্রুপের সঙ্গে ১৩ কোটি টাকা দাম চূড়ান্ত হয়ে আছে। ফলে ব্যাংকের মাধ্যমে সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করলে শ্রমিকদের অন্তত দুই মাসের বেতন দেওয়া সম্ভব।
জানতে চাইলে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সোয়ান গার্মেন্টসের বিষয়টি কিন্তু ঈদকেন্দ্রিক সমস্যা নয়। মালিক মারা গেছেন। সম্পত্তি বিক্রির জন্য মালিকানার বিষয়টি চূড়ান্ত করতে হবে। তাই সময় লাগবে। সরকার এই কারখানার সমস্যা সমাধানে একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করেছে।’ ঈদের আগে কারখানার শ্রমিকেরা বেতন-ভাতা পাবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘মনে হচ্ছে, না।’
এদিকে গতকাল মঙ্গলবার ছিল সরকার-ঘোষিত ঈদ-বোনাস দেওয়ার শেষ দিন। আর জুন মাসের বেতন দেওয়ার সময় শেষ হয় গত শুক্রবার। তবে কোনো সময়সীমাই মানেননি অনেক পোশাক কারখানার মালিক। গত সোমবার পর্যন্ত ৭৫ শতাংশ কারখানা বেতন দিয়েছে। গতকাল সেটি বেড়ে প্রায় ৯০ শতাংশে দাঁড়াতে পারে। পরিসংখ্যানটি আজ জানা যাবে। আর ৮০ শতাংশ কারখানা গতকাল পর্যন্ত ঈদ বোনাস দিয়েছে বলে শিল্প পুলিশ সূত্রে জানা গেছে। তবে বিজিএমইএ দাবি করেছে, গতকাল পর্যন্ত ৯৫ শতাংশ কারখানা জুন মাসের বেতন, আর ৮৫ শতাংশ কারখানা বোনাস দিয়েছে।
সোমবার পর্যন্ত গাজীপুরের ৮৮১টির মধ্যে ৭০৯টি, আশুলিয়া ও সাভারের ৭৫৮টির মধ্যে ৫২৫টি, নারায়ণগঞ্জের ৮৪৪টির মধ্যে ৬৪৪টি এবং চট্টগ্রামের ৬৩০টির মধ্যে ৫৪৭টি কারখানা জুন মাসের বেতন দিয়েছে। এ তথ্য দিয়ে শিল্প পুলিশের মহাপরিচালক আবদুস সালাম বলেন, ‘কাল (আজ বুধবার) ও পরশু (কাল বৃহস্পতিবার) অনেক কারখানা বেতন-ভাতা পরিশোধ করবে। তারপর কারখানা ছুটি হবে। আশা করছি, বড় কোনো সমস্যা হবে না। ’
অবশ্য এই তথ্যের সঙ্গে একমত নন বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম। তিনি জানান, আশুলিয়ার রাফিটেক গার্মেন্টস মালিক গতকাল শ্রমিকদের বোনাস না দিয়েই কারখানা বন্ধ করে দিয়েছেন। টঙ্গীর কে এল ফ্যাশনের মালিক ১৫০ শ্রমিককে জুন মাসের বেতন-ভাতা না দিয়েই গত সপ্তাহে কারখানা বন্ধ করে দেন। পরে আন্দোলন করলে বিজিএমইএর মধ্যস্থতায় মাত্র ১৫ দিনের বেতন পান শ্রমিকেরা। তিনি বলেন, ‘সরকার ও বিজিএমইএ যদি কঠোর নজরদারি করত তবে কোনো সমস্যাই হতো না।’
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, মালিকেরা বিভিন্ন ইস্যুতে প্রচণ্ড চাপের মধ্যে আছেন। তারপরও সবাই চেষ্টা করছেন। যাঁরা দেননি, তাঁরা আগামী দুই দিনের মধ্যে বেতন-ভাতা দিয়ে দেবেন। তিনি বলেন, ‘মালিকদের মানসিকতার পরিবর্তন হয়েছে, শ্রমিকদের পাওনা সময়মতো দিতে হবে।’