সোয়ানের কর্মীদের কর্মসূচি চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকেয়া বেতন–ভাতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন সোয়নের শ্রমিকেরা l ফোকাস বাংলা
বকেয়া বেতন–ভাতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন সোয়নের শ্রমিকেরা l ফোকাস বাংলা

বকেয়া বেতন-ভাতাসহ তিন দফা দাবি আদায়ে সোয়ান গার্মেন্টস ও সোয়ান জিনসের শ্রমিকেরা রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার টানা ১৪তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন।
সোয়ানের শ্রমিকেরা এদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। তাঁরা গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃত্বে এই আন্দোলন করছেন। সংগঠনটির কার্যকরী সভাপতি সাদেকুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বেতন-ভাতা বুঝিয়ে দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত শ্রমিকেরা কর্মসূচি চালিয়ে যাবেন।
ঢাকার দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকার সোয়ান গার্মেন্টস ও সোয়ান জিনসের শ্রমিকদের বেতন-ভাতা সংক্রান্ত সমস্যা সমাধানে শ্রম মন্ত্রণালয় গঠিত নয় সদস্যের কমিটির প্রথম বৈঠক গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে ইসলামী ব্যাংককেই ব্যবস্থা নিতে বলা হয়। বৈঠকে ব্যাংকের পক্ষে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁদের সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার পর্যন্ত সময় চেয়েছেন।
এ বিষয়ে সাদেকুর রহমান বলেন, ‘আমরা আশা করছি, ইসলামী ব্যাংক ইতিবাচক সিদ্ধান্তই নেবে। তবে কোথায় কবে শ্রমিকেরা বেতন-ভাতা পাবেন, সেটি না জানা পর্যন্ত আন্দোলন চলবে।’