সোয়ানের পোশাকশ্রমিকেরা কোনো সুখবর পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোয়ান গার্মেন্টসের পোশাকশ্রমিকেরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা বুঝে পাওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সুখবর পাননি। অবশ্য দাবি আদায়ে গতকাল বুধবার বৃষ্টিতে ভিজেই চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কের ওপর গতকাল সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করেন সোয়ানের শ্রমিকেরা। দুপুরের পর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হলেও তাঁরা সরে যাননি, ভিজেই কর্মসূচি চালিয়ে যান। বিকেল চারটার দিকে সেখানে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মনজুরুল আহসান খান বলেন, ‘প্রায় দেড় হাজার শ্রমিক ঈদের বোনাস দূরের কথা, বকেয়া মজুরিই পেল না। সরকার কিংবা বিজিএমইএ, কেউই কোনো ভূমিকা রাখল না, এর চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না।’ তিনি বলেন, ‘মজুরিবঞ্চিত শ্রমিকেরা চার দিন ধরে অবস্থান আন্দোলন করছে। তবে সরকার ও বিজিএমইএ নির্বিকার। মধ্য আয়ের দেশে আজ মধ্যযুগের অবিচার চলছে।’
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘সরকার দায়িত্ব এড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। তারা বলছে, মালিক মারা গেছে, আমাদের কী দায়? সরকার এভাবে দায়িত্ব এড়াতে পারে না।’
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকী প্রমুখ। সভা শেষে মন্টু ঘোষ আজ বৃহস্পতিবার দেশের সব শিল্পাঞ্চলে সোয়ানের শ্রমিকদের দাবির পক্ষে সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।
জানতে চাইলে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান গত রাতে প্রথম আলোকে বলেন, সমস্যা সমাধানে সরকার ও মালিকপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করেনি। তিনি জানান, আন্দোলনরত শ্রমিকদের মধ্যে ২৬ জন জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছে।
সোয়ানের শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে কোনো অগ্রগতি আছে কি না জানতে গত রাতে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। তবে গত রোববার সোয়ান গার্মেন্টসে সমস্যা সমাধানে চেষ্টা করছেন বলে জানিয়ে তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘শ্রমিকদের বেতন-ভাতার বিষয়টি আমি সার্বক্ষণিক তদারকি করছি। সে জন্য এবার ঈদে বাড়িতেই গেলাম না।’
সোয়ান গার্মেন্টস সোয়ান গ্রুপের একটি প্রতিষ্ঠান। কারখানাটি তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্য (নিবন্ধন ৫৮৭)। সোয়ানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিং ইউন হন ও পরিচালক ইং লি। তাঁরা দুজন স্বামী-স্ত্রী, চীনের নাগরিক। বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম জানান, কারখানার এমডি গত এপ্রিলে মারা যান।
সোয়ানের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত সোয়ান গ্রুপের মোট কারখানা পাঁচটি। এসব কারখানা ওয়ালমার্ট, লি অ্যান্ড ফাং, টিম, অটো, নর্দান গেটওয়ে, ফুটলকার, সিয়ার্সসহ মোট ১৫টি খ্যাতনামা ব্র্যান্ডের কাজ করে আসছিল।
সংশোধনী: গতকাল বাণিজ্য পাতায় প্রকাশিত ‘সোয়ান গার্মেন্টসের শ্রমিকেরা এবার ঈদের খুশিবঞ্চিত!’ শীর্ষক প্রতিবেদনে সোয়ানের কারখানাটি গাজীপুরের হোতাপাড়ায় উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে কারখানাটি উত্তরার মোল্লারটেক এলাকায় অবস্থিত।