সোয়ানের শ্রমিকদের আজ ঘেরাও কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোয়ানের শ্রমিকেরা বকেয়া বেতন–ভাতা প্রদান ও কারখানা খুলে দেওয়ার  দাবিতে গতকালও রাজধানীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন l প্রথম আলো
সোয়ানের শ্রমিকেরা বকেয়া বেতন–ভাতা প্রদান ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকালও রাজধানীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন l প্রথম আলো

বকেয়া বেতন-ভাতা প্রদান, কারখানা খুলে দেওয়া এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবারও অবস্থান কর্মসূচি পালন করেছেন সোয়ান গার্মেন্টস ও সোয়ান জিনসের শ্রমিকেরা। এ নিয়ে তাঁরা ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ১১ দিনের মতো এই কর্মসূচি পালন করলেন।
মামলা প্রত্যাহারের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর দিলকুশা এলাকার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবে শ্রমিকেরা।
এদিকে দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকার এই পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতাসংক্রান্ত সমস্যা সমাধানে শ্রম মন্ত্রণালয়ের গঠিত কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে আজ বেলা তিনটায়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ নয় সদস্যের এই কমিটির আহ্বায়ক।
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার, সোয়ানের শ্রমিক শেখ ফরিদ, মোর্শেদা বেগম, জাকির হোসেন প্রমুখ। এর আগে পল্টন, দৈনিক বাংলা, মতিঝিল ও গুলিস্তান এলাকায় বিক্ষোভ মিছিল করেন শ্রমিকেরা।
ইসলামী ব্যাংক ঘেরাওয়ের কারণ হলো, সোয়ানের শ্রমিকদের বিরুদ্ধে গত জুনে দক্ষিণখান থানায় মামলা করেছে ব্যাংকটি। মামলার অভিযোগপত্রে বলা হয়, সোয়ান গ্রুপের তিনটি কারখানায় ব্যাংকের অর্ধশত কোটি টাকার ঋণ রয়েছে। ১ জুন থেকে কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর মধ্যেই একদল বিক্ষুব্ধ শ্রমিক নিরাপত্তাদেয়াল ও ছাদ ভেঙে কারখানার গুদামে থাকা ৫ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের কাপড়, কাঁচামাল ও সরঞ্জাম লুটপাট ও চুরি করে নিয়ে যান।
জানতে চাইলে আন্দোলনকারীদের পক্ষে সোয়ানের শ্রমিক শেখ ফরিদ প্রথম আলোকে বলেন, ‘সোয়ানের মালিক জীবিত থাকা অবস্থাতেই গুদামের ভবনটি সাড়ে পাঁচ লাখ টাকায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ভাতিজার কাছে বিক্রি করেন। তাঁরাই সেটি দক্ষিণখান থানা-পুলিশের উপস্থিতিতে ভেঙে নিয়ে যান। তাই ইসলামী ব্যাংক যে অভিযোগে মামলাটি করেছে, সেটি সত্য নয়।’
এ বিষয়ে যোগাযোগ করলে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ গত রাতে প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকেরা গুদামের মালামাল নেয়নি। সোয়ানের মালিক যাদের কাছে বিক্রি করেছে, তারাই নিয়ে গেছে। আর এই টাকা দিয়েই তো মালিকপক্ষ শ্রমিকদের আগের বেতন দিয়েছিল।’
অবশ্য গুদামের মালামাল সরানোর সময় পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে দাবি করেন শামীম অর রশীদ। তিনি বলেন, ‘ব্যাংক কর্তৃপক্ষ হয়তো বিমা দাবির জন্যই মামলাটি এভাবে করেছে। তবে সোয়ানের শ্রমিকেরা অন্য যেকোনো কারখানা থেকে ৯০ শতাংশ বেশি ভদ্র। তারা অন্যায় আচরণ করেনি।’