সোয়ানের শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ
বকেয়া বেতন-ভাতাসহ তিন দফা দাবিতে সোয়ানের পোশাকশ্রমিকেরা গতকাল রোববার টানা ১৫ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন। শ্রমিকদের এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে নিয়মিত অবস্থান কর্মসূচির পাশাপাশি দাবি আদায়ে গতকাল দুপুরে মিছিল করেন সোয়ান গার্মেন্টস ও সোয়ান জিনসের শ্রমিকেরা। মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে মতিঝিলের শাপলা চত্বর, ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঘুরে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়।
এর পরে এক সমাবেশে সোয়ানের শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহম্মদ শহীদুল্লাহ বলেন, ১ হাজার ৩০০ শ্রমিক চার মাস ধরে মজুরি-বঞ্চিত। গণতন্ত্রের কথা বলা হলেও এই দেশে শ্রমিকদের অধিকারই রক্ষা হচ্ছে না।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আন্দোলনের একপর্যায়ে এসে সরকারের কিছু তৎপরতা দেখা যাচ্ছে। সরকারের উদ্দেশে প্রশ্ন করে তিনি বলেন, ‘এত দিনে আপনাদের বোধোদয় হলো, ঈদের আগেই উদ্যোগ গ্রহণ করলেন না কেন?’
সমাবেশে আরও বক্তব্য দেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি সাহেদুর রহমান, সাধারণ সম্পাদক কাজী রুহুল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার প্রমুখ।