সোয়ানের শ্রমিকদের পাওনা ইসলামী ব্যাংককে দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামলা প্রত্যাহারের দাবিতে সোয়ানের শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার রাজধানীর দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও করেন l ছবি: প্রথম আলো
মামলা প্রত্যাহারের দাবিতে সোয়ানের শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার রাজধানীর দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও করেন l ছবি: প্রথম আলো

সোয়ানের শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে ইসলামী ব্যাংককেই ব্যবস্থা নিতে হবে। কারণ, কারখানাটির অধিকাংশ সম্পত্তিই ব্যাংকটির কাছে বন্ধক আছে। তাই শ্রমিকদের পাওনা পরিশোধ করে পরে সমন্বয় করে নিতে পারবে তারা।
দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকার সোয়ান গার্মেন্টস ও সোয়ান জিনসের বেতন-ভাতা সংক্রান্ত সমস্যা সমাধানে শ্রম মন্ত্রণালয় গঠিত নয় সদস্যের কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরিপ্রেক্ষিতে ইসলামী ব্যাংকের পক্ষে বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁদের সিদ্ধান্ত জানাতে আগামী মঙ্গলবার পর্যন্ত সময় চান। বৈঠকে থাকা কমিটির দুই সদস্য এমনটাই জানান।
রাজধানীর রাজউক অ্যাভিনিউতে শ্রম ভবনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদের সভাপতিত্বে বৈঠকে বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদ-উল ইসলাম খান, ইসলামী ব্যাংকের কর্মকর্তা শফিকুর রহমান, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্বরাষ্ট্র, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন ও শিল্প পুলিশের প্রতিনিধি এবং সোয়ানের মালিকের স্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন।
জানতে চাইলে ওয়াজেদ-উল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘সোয়ানের মালিকের একটি জমি ছাড়া সব সম্পত্তিই ইসলামী ব্যাংকের কাছে বন্ধক আছে। তাই শ্রমিকদের পাওনা তাদেরই পরিশোধ করতে হবে। কমিটি সে জন্যই এমন সিদ্ধান্ত দিয়েছে। আশা করছি, আসছে মঙ্গলবার ব্যাংক তাদের সিদ্ধান্ত জানাবে ও বৃহস্পতিবারের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।’
বৈঠকের বিষয়ে এস এম মান্নান বলেন, ‘মালিক মারা গেছে তাই কারখানা বন্ধ করে দেবেন সেটি তো হতে পারে না। তা ছাড়া মালিকের স্ত্রী বলেছেন, তিনি এই শ্রমিকদের দিয়েই আবার কারখানাটি চালু করতে চান। সে জন্য কমিটির সদস্যরা ইসলামী ব্যাংকের প্রতিনিধিদের চাপ দিয়ে বলেছেন, মঙ্গলবারের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত জানাতে হবে তাঁদের।’
এদিকে মামলা তুলে নেওয়ার দাবিতে গতকাল বেলা পৌনে ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছেন সোয়ানের শ্রমিকেরা। এরপর শ্রমিকেরা প্রেসক্লাবের উদ্দেশ্যে মিছিল করে রওনা দেন। সেখানেই বকেয়া বেতন-ভাতা, কারখানা খুলে দেওয়া ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টানা ১২ দিনের মতো অবস্থান কর্মসূচি আবার শুরু করেন।
মন্ত্রণালয়ের গঠিত কমিটির বৈঠকের পর করণীয় বিষয়ে জানতে চাইলে সাদেকুর রহমান জানান, অবস্থান কর্মসূচির পাশাপাশি আজ শুক্রবার বিকেলে প্রেসক্লাবে শ্রমিক সমাবেশ হবে। তারপর শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও সোয়ানের শ্রমিকদের সঙ্গে বৈঠক করে আন্দোলন কর্মসূচি চালিয়ে নেওয়া বা না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।
সোয়ান গার্মেন্টস ও সোয়ান জিনস সোয়ান গ্রুপের একটি প্রতিষ্ঠান। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চীনা নাগরিক মিং ইউন হন গত এপ্রিলে আত্মহত্যা করেন। তারপর থেকে দুই কারখানার ১ হাজার ৩০০ শ্রমিক বেতন পান না। বেতন-ভাতা না পেয়ে শ্রমিকেরা ১২ জুলাই থেকে প্রেসক্লাবের সামনে কর্মসূচি শুরু করেন।