সোলার প্যানেলের মান নিয়ে প্রশ্ন এনবিআর-প্রধানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি করে দেশের বাজারে বিক্রি করা সোলার প্যানেলের মান নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেন। তিনি বলেন, ‘অত্যন্ত নিম্নমানের জিনিস বিক্রি করেন ব্যবসায়ীরা। যেসব প্যানেল-ট্যানেল দেন, তা সব দুই নম্বর।’
এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আপনারা ভালো পণ্য দেওয়ার কথা বলে ক্রেতাদের খারাপ পণ্য দেন। সবাই নামীদামি দেশের নাম করে চীন থেকে আনা পণ্য বিক্রি করেন। জার্মানি ও ইতালি থেকে সোলার প্যানেল আমদানির দাবি করা হয়। কিন্তু আমরা জানি, এসব দেশ থেকে তা আমদানি হয় না। হলেও খুবই সামান্য।’
ঢাকায় এনবিআর কার্যালয়ের সভাকক্ষে আগামী ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের জন্য খাতভিত্তিক প্রাক্-বাজেট আলোচনার প্রথম দিন গতকাল গোলাম হোসেন এসব কথা বলেন। গতকাল বুধবার সকাল সোয়া ১০টার দিকে শুরু হওয়া সভাটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। এতে মুদ্রণ ও প্রকাশনা এবং তেল, গ্যাস, খাদ্য ও তামাকশিল্পের ব্যবসায়িক সংগঠনের নেতারা অংশ নেন। তাঁরা আগামী বাজেটে শুল্ক, কর, মূসক হ্রাসসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। সভায় আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য জাহাঙ্গীর হোসেন, সৈয়দ আমিনুল করিম প্রমুখ।
দ্বিতীয় পর্বের আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি দীপালচন্দ্র বড়ুয়া বলেন, বর্তমানে ৩০ লাখ বাড়িতে সোলার প্যানেল আছে। ছোট ছোট ইতিবাচক উদ্যোগ নিলে এ সোলার প্যানেলের মাধ্যমে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
বিএসআরইএর সভাপতি এলইডি বাতির ওপর ২৭ দশমিক ৪৬ শতাংশ শুল্ক কমিয়ে ৫ শতাংশ এবং সোলারের যন্ত্রপাতি সংযোজনের জন্য কাঁচামাল আমদানিতে শুল্ক শূন্য করার দাবি জানান।
এ সময়ই এনবিআরের চেয়ারম্যান সোলার প্যানেলের মান নিয়ে কথা বলেন। জবাবে দীপাল সি বড়ুয়া বলেন, ‘নিম্নমানের পণ্য সরবরাহকারীরা তাদের সমিতির সদস্য নন। তা ছাড়া আমরা পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবা দিই।’ এ সময় এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘আপনারা তো বিজিএমইএর মতো কথা বলেন। যেখানেই আগুন লাগে, তারা বলে এটি তাদের সদস্য নয়।’
গোলাম হোসেন আরও বলেন, ‘পৃথিবীর অনেক দেশেই সোলার খুব ভালোভাবে চলছে। আপনারা নিজেদের সদস্যদের নিম্নমানের পণ্য বিক্রি করা বন্ধ করুন। একটু মান বজায় রাখুন।’ এ ছাড়া তিনি সোলার প্যানেলের নষ্ট ব্যাটারি ধ্বংস করতে সতর্কতা অবলম্বন করতে বলেন।
আলোচনায় বাংলাদেশ মিষ্টি প্রস্তুতকারী সমিতির সাধারণ সম্পাদক আমিনুর রহমান মিষ্টির দোকানের মোট বিক্রির ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) কমিয়ে ৬ শতাংশ এবং উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ মূসক শূন্য করার দাবি করেন।
সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন ঢাকার বাইরের সিএনজি স্টেশনের ওপর বর্তমানে ধার্যকৃত ন্যূনতম কর শূন্য করার দাবি জানায়।
বাংলাদেশ সুগার রিফাইনার অ্যাসোসিয়েশন অপরিশোধিত প্রতি টন চিনিতে এক হাজার ৫০০ টাকার কর শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দেয়।
গতকাল প্রথম প্রাক্-বাজেট আলোচনার জন্য মোট ৩০টি ব্যবসায়িক সংগঠনকে আমন্ত্রণ জানানো হলেও মাত্র ১১-১২টির নেতারা উপস্থিত ছিলেন।