সোয়েটার শ্রমিকদের মজুরির নীতিমালা হচ্ছে
পোশাকশিল্পে পিস রেটের ভিত্তিতে সোয়েটার কারখানায় কাজ করা শ্রমিকদের সুনির্দিষ্ট মজুরিকাঠামোর মধ্যে আনার জন্য নীতিমালা করছে সরকার।
তৈরি পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরিকাঠামো ঘোষণা করা হলেও ঠিকাহার শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট কাঠামো না থাকায় প্রায়ই শ্রম অসন্তোষের ঘটনা ঘটে। এ সমস্যা সমাধানের জন্য গত মাসের শুরুতে শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফয়জুর রহমানকে প্রধান করে একটি উপকমিটিও গঠন করা হয়।
গত মঙ্গলবার এই কমিটির সদস্যরা প্রথম বৈঠক করেন। এতে প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের ভারপ্রাপ্ত প্রধান পরিদর্শক মশিউর রহমানের নেতৃত্বে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়।
উপকমিটির বৈঠক সূত্রে জানা যায়, মালিক, শ্রমিক ও সরকারি কর্মকর্তাদের নিয়ে গঠিত সাত সদস্যের এই কমিটি কারখানা পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করবে এবং সমস্যার ভিত্তিতে এক মাসের মধ্যে একটি প্রস্তাবনা তৈরি করবে। তবে এটি সোয়েটার কারখানার শ্রমিকদের জন্য প্রযোজ্য হবে।
উপকমিটির সদস্য শ্রমিকনেতা সিরাজুল ইসলাম বলেন, সোয়েটার কারখানার জন্য নীতিমালাটি করা গেলে পিস রেট নির্ধারণ ও ওভারটাইম নিয়ে ঝামেলার একটা সমাধান হয়ে যাবে।