সৌদিতে শাখা খুলবে সোস্যাল ইসলামী ও স্ট্যান্ডার্ড ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে শাখা খুলছে বেসরকারি খাতের সোস্যাল ইসলামী ও স্ট্যান্ডার্ড ব্যাংক। এর মধ্যে সোস্যাল ইসলামী ব্যাংক মক্কায় ও স্ট্যান্ডার্ড ব্যাংক জেদ্দায় শাখা খোলার প্রস্তুতি শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে এ-সংক্রান্ত অনুমোদনও পেয়েছে ব্যাংক দুটি।

জানা গেছে, শাখা খোলার জন্য সৌদি আরবে আবেদন করে এসেছে সোস্যাল ইসলামী ব্যাংক। ব্যাংকটি শাখা খোলার আবেদন ও ব্যবসায়িক পরিকল্পনা জমা দিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে স্ট্যান্ডার্ড ব্যাংকও একই ধরনের আবেদন জমা দিতে সৌদি আরব যাবে। সৌদিতে বাংলাদেশ দূতাবাস ব্যাংক দুটির পক্ষে বিষয়টি সমন্বয় করছে। শাখা দুটি চালু হলে সৌদিতে বাংলাদেশের প্রথম ব্যাংক শাখা হবে। এর আগে সোনালী ব্যাংক সৌদিতে শাখা খোলার উদ্যোগ নিয়েও দেশটির অনুমোদন পায়নি।

স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামুন‐উর‐রশিদ প্রথম আলোকে বলেন, ‘আগামী মাসেই আমরা সৌদিতে গিয়ে শাখা খোলার প্রক্রিয়া শুরু করব। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।’

সোস্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. রেজাউল হক প্রথম আলোকে বলেন, ‘সৌদিতে আমরা আবেদন জমা দিয়েছি। অনুমোদন পেলেই আমরা শাখা চালু করব।’

দেশটি থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয়ও আসে। ২০১৫-১৬ অর্থবছরে দেশটি থেকে এসেছে ২৯৫ কোটি ডলার।