বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, সৌরবাতির ব্যবহার বাড়াতে ‘গ্রিন ব্যাংকিং’ নামে একটি নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সব ব্যাংকে নির্দেশনা পাঠানো হবে।গত শুক্রবার বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে ‘নদী ও জীবন’ প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের চর এলাকার ছয়টি বেসরকারি সংগঠনের (এনজিও) দুই হাজার ছাত্রছাত্রীর মাঝে সাইথইস্ট ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সৌরশক্তিচালিত বাতি ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ কথা বলেন।সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এ কে এম মুসা। এ ছাড়া বক্তব্য দেন সাউথইস্ট ব্যাংকের উপদেষ্টা জাকির আহমেদ খান, লালমনিরহাট জেলার সদর উপজেলা চেয়ারম্যান নজরুল হক পাটোয়ারি, পাবনার বেড়া এলাকার নদী ও জীবন প্রকল্পের সদস্য বীনা খাতুন। স্বাগত বক্তব্য দেন সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক আয়েশা শিরিন রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসেনে আরা বেগম, এফবিসিসিআইয়ের পরিচালক মমতাজ উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, চরাঞ্চলের এসব শিশুর জন্য সাউথইস্ট ব্যাংক ৩৮ লাখ টাকা ব্যয় করছে।