সৌরবিদ্যুতের জন্য বিশ্বব্যাংক ১৭ কোটি ডলার ঋণ দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লি অঞ্চলে সৌরবিদ্যুৎ সরবরাহের জন্য বিশ্বব্যাংক বাংলাদেশ সরকারকে ১৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে। পল্লি অঞ্চলে বিদ্যুতায়ন ও নবায়নযোগ্য শক্তি উন্নয়নের জন্য দ্বিতীয় অতিরিক্ত অর্থায়ন (আরইআরইডি) প্রকল্পের অধীনে এই ঋণ দেওয়া হবে। বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের গতকাল সোমবার এ ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব আরাস্তু খান এবং বিশ্বব্যাংকের পক্ষে আবাসিক পরিচালক অ্যালেন গোল্ডস্টেন এই ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বিদ্যুৎসুবিধাবহির্ভূত এলাকায় সোলার হোম সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সরকারি মালিকানাধীন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) নির্বাচিত সহযোগী সংস্থার মাধ্যমে এ কাজ চলছে। এই ঋণচুক্তির আওতায় পাওয়া অর্থ ইডকলের চলমান সোলার হোম সিস্টেমসহ অন্যান্য কার্যক্রম এগিয়ে নিয়ে ব্যয় করা হবে। আগামী বছর ৩১ ডিসেম্বর এই ঋণের মেয়াদ শেষ হবে।