সৌরশক্তির যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমানোর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচলিত বিদ্যুৎব্যবস্থার ওপর চাপ কমাতে বিকল্প জ্বালানি হিসেবে সৌরশক্তি বা নবায়নযোগ্য শক্তিকে জনপ্রিয় করতে চাইছে সরকার। এরই অংশ হিসেবে সৌরশক্তি উৎপাদনের জন্য ব্যবহূত প্রয়োজনীয় যন্ত্রপাতির ওপর থেকে আমদানি শুল্ক কমানো হচ্ছে।সৌরশক্তির প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ওপর বিদ্যমান শুল্ক কমানোর জন্য গত ২২ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে একটি আধাসরকারি পত্র দিয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ।চিঠি পাওয়ার পরই এনবিআরের কর্মকর্তারা বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু করেন। প্রাথমিকভাবে সৌরশক্তির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির ওপর বিদ্যমান শুল্ক কমানোর বিষয়ে একমত পোষণ করা হয়।তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিকালে যাতে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি দেওয়া না হয়, সে জন্য সব অংশীদারকে নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করেছে এনবিআর। ৩০ মার্চ এনবিআরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভার জন্য এনবিআরের পক্ষ থেকে তৈরি অবস্থানপত্রেও সৌরশক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে শুল্ক হ্রাসের পক্ষে মত দেওয়া হয়েছে। এনবিআরের অবস্থানপত্র অনুযায়ী, বর্তমানে ফটো ভোল্টাইক সেল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা রয়েছে। এ ছাড়া মূলধনি যন্ত্রপাতি হিসেবে পিভি (সোলার) জেনারেটর আমদানিতে ৩ শতাংশ হারে আমদানি শুল্ক প্রদান করতে হয়। এ ছাড়া জ্বালানিসাশ্রয়ী বাতির ওপর ১২ শতাংশ হারে শুল্ক আরোপ আছে।তবে আমদানিকৃত পণ্য শনাক্ত করার জন্য ট্যারিফ লাইনের এইচএস কোডেও কিছুটা বিভ্রান্তি রয়েছে বলে অবস্থানপত্রে বলা হয়েছে। বাংলাদেশ কাস্টমস ট্যারিফের (বিসিটি) শিরোনাম ৯৪.০৫-এর অধীনে সোলার ল্যানটার্ন, সোলার স্ট্রিট লাইট বা সোলার ল্যাম্প বলে কোনো এইচএস কোড নেই। সে জন্য এসব পণ্যকে আলাদা করে শুল্ক আরোপের ক্ষেত্রে এইচএস কোডের সুবিন্যাসিত করার প্রয়োজন হবে বলে অবস্থানপত্রে উল্লেখ করা হয়েছে।এ প্রসঙ্গে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, বাজেটীয় পদক্ষেপ ছাড়া এইচএস কোড পরিবর্তন করা সম্ভব নয়। এ ছাড়া হ্রাসকৃত হারে শুল্ক আরোপ করা হলে সোলার ল্যানটার্ন, সোলার স্ট্রিট লাইট বা সোলার ল্যাম্পের মতো পণ্যগুলো সৌরশক্তির মাধ্যমেই যে চালিত, তা আমদানি পর্যায়ে নিশ্চিত হওয়া সম্ভব কি না, সেটাও বিবেচনায় আনতে হবে। তা না হলে মিথ্যা ঘোষণা দিয়ে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হতে পারে।এনবিআর আয়োজিত সভায় বিদ্যুৎ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), এফিসিয়েন্ট লাইটিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এদিকে গত সেপ্টেম্বর মাসে বিদ্যুৎ বিভাগের এক সভায় নতুন গ্রাহকদের চাহিদার ৫ থেকে ১০ শতাংশ বিদ্যুৎ সৌর প্যানেলের মাধ্যমে ব্যবহারের শর্ত দেওয়ার সিদ্ধান্ত হয়। একইভাবে পুরোনো গ্রাহকদেরও তাঁদের চাহিদার একটি অংশ সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পক্ষে মত দেওয়া হয় সভায়।উল্লেখ্য, বর্তমানে সৌরব্যবস্থায় সারা দেশে ১৫ থেকে ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।