স্কয়ারে মার্কিন সংস্থার নিরীক্ষা
মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) সম্প্রতি বাংলাদেশের ওষুধ কোম্পানি স্কয়ারে কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (সিজিএমপি) নামের একটি নিরীক্ষা (অডিট) সম্পন্ন করেছে।
স্কয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এফডিএ নামের সংস্থাটি প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ওষুধ কোম্পানিতে সিজিএমপি নিরীক্ষা করেছে। জানুয়ারি মাসের শেষ দিকে এই নিরীক্ষা করা হয়। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের গাজীপুরের ওরাল সলিড ডোসেজ প্ল্যান্টে এই নিরীক্ষা করে সংস্থাটি। এ ছাড়াও এফডিএর কর্মকর্তারা বেক্সিমকো ফার্মার প্ল্যান্টও নিরীক্ষা করেন।
যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় ওষুধের বাজার। এফডিএর অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি করা সম্ভব নয়।
স্কয়ার কর্তৃপক্ষ আরও জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী পরিচালিত এই নিরীক্ষায় স্কয়ারের কারখানার উৎপাদন ও মান নিয়ন্ত্রণব্যবস্থা গুরুত্বের সঙ্গে পরীক্ষা করে দেখা হয়।
স্কয়ারের উৎপাদন ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা ইতিমধ্যেই যুক্তরাজ্যের ইউকে এমএইচআরএ ও অস্ট্রেলিয়ার টিজিএর অনুমোদন লাভ করেছে।
যুক্তরাজ্যসহ ৩৯ টি দেশে ওষুধ রপ্তানি করে স্কয়ার।