স্কাইট্র্যাক্সের পুরস্কার পেল এমিরেটস
স্কাইট্র্যাক্স মধ্যপ্রাচ্যের এমিরেটস এয়ারলাইনকে ‘বিশ্বের সেরা বিমান সংস্থা’ হিসেবে পুরস্কার দিয়েছে। এ ছাড়া এমিরেটসকে ‘মধ্যপ্রাচ্যের সেরা বিমান সংস্থা’ ও টানা নবমবারের মতো ‘বিশ্বের সেরা ইনফ্লাইট বিনোদন’ পুরস্কার প্রদান করা হয়েছে। প্যারিসে গত মঙ্গলবার অনুষ্ঠিত ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ড-২০১৩ অনুষ্ঠানে এমিরেটস এয়ারলাইনের প্রেসিডেন্ট টিম ক্লার্ক পুরস্কারগুলো গ্রহণ করেন। তিনি বলেন, ‘এ সম্মান আমাদের নিরন্তর প্রচেষ্টারই স্বীকৃতি।’ তিনি বলেন, ‘টিকিট বুকিং করা থেকে শুরু করে গন্তব্যে পৌঁছা পর্যন্ত যাত্রীদের বিশ্বমানের সেবা প্রদান করতে আমরা সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
গত বছর বিশ্বব্যাপী মোট তিন কোটি ৯০ লাখ যাত্রী এই সংস্থার বিমানে ভ্রমণ করেছেন।
স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডের জন্য এ বছর ১৬০টির বেশি দেশে এক কোটি ৮০ লাখ ভ্রমণকারী মতামত দিয়েছেন।
এই বিমান সংস্থা বর্তমানে ঢাকায় দৈনিক তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া দুবাই হয়ে বিশ্বের ৭৭টি দেশের ১৩০টির অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ প্রদান করছে। বিজ্ঞপ্তি।