স্কিম কমিটির কাছে তথ্য জমার সময় ১৫ দিন বাড়ল
পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর তথ্য জমা দেওয়ার সময় ১৫ দিন বাড়ানো হয়েছে। আজ সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশেষ স্কিম প্রণয়ন কমিটির আহ্বায়ক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান জানিয়েছেন।ফায়েকুজ্জামান প্রথম আলো অনলাইনকে বলেন, বেশ কয়েকটি মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের অনুরোধের পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর তথ্য জমা দেওয়ার সময় ১৫ দিন বাড়ানো হয়েছে।এর আগে পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্তদের চূড়ান্ত তালিকা বিশেষ ছকে প্রস্তুত করে গতকাল রোববারের মধ্যে বিশেষ স্কিম প্রণয়ন কমিটির কাছে জমা দিতে বলা হয়েছিল। বিশেষ স্কিম প্রণয়ন কমিটির আহ্বায়ক আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠি এবং দুটি ফরম গত ১৯ মার্চ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।ফায়েকুজ্জামান জানিয়েছিলেন, ‘এর আগেও ক্ষতিগ্রস্ত, ক্ষুদ্র বিনিয়োগকারীদের তথ্য সংগ্রহ করা হয়েছে। তথ্যগুলো অফিসিয়াল সার্টিফায়েড হওয়ার জন্য আবারও একই তথ্য চাওয়া হয়েছে। নতুন কোম্পানি তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ক্ষতিগ্রস্তদের কোটা নির্ধারণের জন্য নতুন করে এসব তথ্য চাওয়া হয় বলেও জানিয়েছিলেন তিনি।প্রসঙ্গত, গত ৫ মার্চ ১০ লাখ টাকার নিচে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ৫০ শতাংশ সুদ মওকুফের সিদ্ধান্ত ঘোষণা করে সরকার। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আইপিওতে ২০ শতাংশ কোটা বরাদ্দেরও সিদ্ধান্ত নেওয়া হয়।