স্কুল অব ইকোনমিকসে নতুন ব্যাচে ভর্তির কার্যক্রম শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনমিকসে (ডিএসসিই) ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। অর্থনীতি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও পরিবেশ অর্থনীতি বিষয়ে মাস্টার্স কোর্সের জন্য ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। মাস্টার্স কোর্সের ভর্তি পরীক্ষা ১৮ ও ডিপ্লোমার ভর্তি পরীক্ষা ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে। নয় মাস মেয়াদি ডিপ্লোমার জন্য অর্থনীতি বা এ-সম্পর্কিত বিষয়, যেমন: ব্যাংকিং বা পরিসংখ্যানে ন্যূনতম স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে ১৮ মাস মেয়াদি মাস্টার্স কোর্সের জন্য অর্থনীতি বিষয়ে ন্যূনতম স্নাতক সম্পন্ন হতে হবে। ডিএসসিইর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ জানান, ডিপ্লোমার প্রথম কোর্সটি শেষ হয়েছে। পরীক্ষাও শেষ। শিগগিরই ফল প্রকাশ হবে। তাই নতুন ব্যাচে ভর্তি নেওয়া হচ্ছে। অন্যদিকে মাস্টার্স কোর্সের প্রথম সেমিস্টার শেষ হয়েছে। দুটি কোর্সই সন্ধ্যাকালীন। এমফিল ও পিএইচডি কোর্স চালুর অনুমতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হয়েছে’। শিগগিরই অনুমতি পাওয়া যাবে এবং কোর্স চালু হবে জানান তিনি। খলীকুজ্জমান জানান, ডিএসসিই থেকে ইতিমধ্যে ৩০টি সেমিনার-ভিত্তিক প্রকাশনা বেরিয়েছে। ব্যাংকভিত্তিক তিনটি গবেষণাকাজ শেষ হয়েছে। ডিএসসিইতে ভর্তির বিস্তারিত জানা যাবে, ওয়েবসাইটে— http://www.dscebd.org.