স্কুল ব্যাংকিং চালু করল ইবিএল
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ছাত্রছাত্রীদের জন্য একটি সঞ্চয়ী হিসাব চালু করেছে। দেশের তরুণ প্রজন্মকে ব্যাংকিংয়ের সঙ্গে সম্পৃক্ত করা এবং ছোটবেলা থেকে তাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ‘ইবিএল জুনিয়র’ শীর্ষক এই সেবা চালু করা হয়েছে।ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার গতকাল বুধবার রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের নতুন এ সেবার উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ কর্নেল এ এস এম মুশফিকুর রহমান, ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান, হেড অব ব্রাঞ্চেস মো. মুসা, হেড অব লায়াবিলিটি সাইদুল আমিন, ব্র্যান্ড ও বিপণন প্রধান জিয়াউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।এই সেবা চালুর ফলে ১১ থেকে ১৭ বছর বয়সের ছাত্রছাত্রীরা তাদের মা-বাবার সঙ্গে যৌথভাবে ইবিএলের যেকোনো শাখায় অ্যাকাউন্ট বা হিসাব খুলতে পারবে। এই অ্যাকাউন্টে ইন্টারনেট ব্যাংকিং, এটিএম ও চেকবুক-সুবিধা থাকবে। ইবিএল জুনিয়র অ্যাকাউন্টে দৈনিক ব্যালেন্সের ওপর ৬ শতাংশ হারে মুনাফা হিসাব করা হবে এবং প্রতি অর্ধবছরে তা প্রদেয় হবে।বাবা-মায়েরা তাঁদের সন্তানের ভবিষ্যৎ-ব্যয় যেমন—উচ্চশিক্ষা, বিয়ে বা এ জাতীয় অন্য কোনো উদ্দেশ্যে এই হিসাব খুলে টাকা জমা করতে পারবেন।ইবিএল ক্রমান্বয়ে দেশের গুরুত্বপূর্ণ এলাকার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে এই সেবার আওতায় নিয়ে আসার পরিকল্পনা করছে। বিজ্ঞপ্তি।