স্কুল ব্যাংকিং চালুর আহ্বান বিবি গভর্নরের
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান শিশুদের কাছে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে তফসিলি ব্যাংকগুলোকে স্কুল ব্যাংকিং চালুর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সবার জন্য আর্থিক সেবার সুযোগ নিশ্চিত করা জরুরি। এজন্য বড়দের পাশাপাশি ছোটদের জন্য বিশেষ ব্যাংকিং সেবা চালু করতে হবে। স্কুলের পাশে এটিএম বুথ চালু করে শিশুদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া যেতে পারে। খবর বাসসের।গভর্নর আজ রোববার ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় চত্বরে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের জন্য ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। কোনো সার্ভিস চার্জ ছাড়াই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ডাচ-বাংলা ব্যাংকের এই বুথটি ব্যবহার করতে পারবেন। আতিউর রহমান বলেন, সবার কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ডাচ-বাংলা ব্যাংক দ্রুততম সময়ের মধ্যে মোবাইল ব্যাংকিং চালু করতে যাচ্ছে।বিবি গভর্নর আশা প্রকাশ করেন, ভবিষ্যতে অন্যান্য তফসিলি ব্যাংক ডাচ-বাংলা ব্যাংকের মতো ই-ব্যাংকিং চালু করবে। তিনি বলেন, সময়ের পরিবর্তন হয়েছে। এখন সহজে ও দ্রুততম সময়ের মধ্যে মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে হবে। মানুষের উদ্ভাবনী কর্মশক্তিকে কাজে লাগাতে ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে।