স্কুল ব্যাংকিং বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা
স্কুল ব্যাংকিং কার্যক্রম জোরদার করতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের এক নির্দেশনায় বলা হয়েছে, স্কুল ব্যাংকিং হিসাব খোলা ও পরিচালনার জন্য সব ব্যাংককে একটি বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে।
নির্দেশনা অনুযায়ী স্কুল ব্যাংকিং নিয়ে একটি ব্যাংক আগামী এক বছরের জন্য যে লক্ষ্য ঠিক করবে, তা আগের বছরের ডিসেম্বরের মধ্যে ঠিক করে বাংলাদেশ ব্যাংককে জমা দিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিংয়ে আগ্রহী করতে তফসিলি ব্যাংকের প্রতিটি শাখাকে বছরে কমপক্ষে একবার তার কর্ম এলাকার মধ্যে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ব্যাংকিং হিসাব খোলা হবে, সেখানে নিয়মিত বিরতিতে শিক্ষার্থীদের সঞ্চয় সংগ্রহের জন্য ভ্রাম্যমাণ কাউন্টার স্থাপনেরও উদ্যোগ নিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।