স্কুলের ছাত্রছাত্রীদের সঞ্চয়ে উৎসাহী করছে এনসিসিবিএল
উত্তরবঙ্গের জেলা দিনাজপুরের কয়েকটি স্কুলে গত ডিসেম্বরের শেষ ভাগে এসে বেসরকারি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক চালু করেছিল স্কুল ব্যাংকিং। এখন এই কোমলমতি কিশোর-কিশোরীদের মধ্যে ব্যাংকিং কার্যক্রমের বিস্তৃতি ঘটাতে চায় ব্যাংকটি।এনসিসির ভাষায় একে বলা হচ্ছে ‘ইয়ংস্টার ব্যাংকিং’। ব্যাংকটি মনে করে, যখন শিক্ষাজীবন থেকেই একজন ছাত্রছাত্রী এ জাতীয় সঞ্চয় কাজের মধ্যে ঢুকবে, তখনই সে জেনে যাবে তার শিক্ষাজীবনের বিভিন্ন ক্ষেত্রে অর্থ ব্যবস্থাপনার দিকগুলো। এভাবে খেলার ছলে, পারস্পরিক আদান-প্রদানের মাধ্যমে সহজে স্কুলজীবন থেকেই একেকজন অর্থ ব্যবস্থাপনায় দক্ষ হয়ে উঠতে পারবে, যা তার বাকি জীবনের সর্বক্ষেত্রে কাজে আসবে।সাম্প্রতিক ব্যাংক খাতে বেসরকারি এনসিসি ব্যাংকের নতুন সেবাপণ্য হলো এই স্কুল ব্যাংকিং। এর আগে প্রথম কোনো বেসরকারি ব্যাংক হিসেবে রংপুরের মঙ্গাপ্রবণ এলাকা পাটগ্রামে ভুট্টা চাষে ঋণ জোগান দিয়ে ব্যাংকটি প্রশংসা কুড়িয়েছে। লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় সয়াবিন চাষ, সিলেট ও মৌলভীবাজার এলাকায় আগর চাষ, চট্টগ্রামে পাম চাষ ইত্যকার নানা ধরনের অর্থকরী অথচ অবহেলিত কৃষিক্ষেত্রে ঋণ দিয়ে সফলতা এনেছে ব্যাংকটি।এনসিসি ব্যাংকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল বুধবার এসব তথ্য তুলে ধরেছে ব্যাংকটি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নূরুল আমিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, পরামর্শক এ কে মো. সিদ্দিক, উপব্যবস্থাপনা পরিচালক মহব্বত খান, টি এম ফারুক চৌধুরী ও আখতার হামিদ খান।সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যাংক রেমিট্যান্স প্রবাহ সহজলভ্য করতে অচিরেই লন্ডনে একটি এক্সচেঞ্জ হাউস চালু করা হবে। প্রাপকদের কাছে রেমিট্যান্সের (প্রবাসী-আয়) অর্থ দ্রুত ও সহজভাবে পৌঁছে দিতে ব্যাংকটি তার টিএমএমএসের কেন্দ্রগুলো (আউটলেট) ব্যবহার করছে। শিগগির ব্যাংকটির এটিএম বুথ ১০০টিতে উন্নীত হবে।এ ছাড়া ব্যাংকটি গুচ্ছঋণ প্রকল্পের আওতায় সৈয়দপুরে ক্ষুদ্র পোশাক প্রস্তুতকারক শিল্প, রাজশাহীর পুঠিয়ায় পাদুকাশিল্প এবং টাঙ্গাইলের রামপুরে তাঁতশিল্প খাতে উৎপাদন ও বিপণনে ঋণসহায়তা দিচ্ছে বলেও জানানো হয়।