স্কয়ার ফার্মার লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মা শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ২৫ শতাংশ নগদ ও ৩০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদ গত ৩১ মার্চ শেষ হওয়া বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। একই সঙ্গে পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিষয়টি বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। আগামী ২৫ সেপ্টেম্বর গাজীপুরের কালিয়াকৈরে কোম্পানির কারাখানা প্রাঙ্গনে এজিএম অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৬ আগস্ট।স্কয়ার ফার্মা আরও জানিয়েছে, গত ৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রকৃত সম্পদমূল্য এক হাজার ৮৮৪ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) নয় টাকা এক পয়সা এবং নিট অপারেটিং ক্যাশ ফ্ল ১২ টাকা ৪১ পয়সা।