স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময় আধা ঘণ্টা এগোচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুটি স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময় আধা ঘণ্টা এগিয়ে এনে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত লেনদেন চলছে। আজ শনিবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারি গলফ ক্লাবের সম্মেলন কক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে ডিএসই ও সিএসইর সভাপতি মো. রকিবুর রহমান ও আল মারুফ খান বক্তব্য দেন।সংবাদ সম্মেলনে বলা হয়, বিনিয়োগকারীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং জোহরের নামাজ ও দুপুরের খাবারের কথা বিবেচনা করে লেনদেনের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। সুবিধাজনক সময় থেকে নতুন সময় কার্যকর করা হবে।সংবাদ সম্মেলনে পরিচালকদের শেয়ার কেনার সময়সীমা ২২ মের পর আর না বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া প্লেসমেন্ট শেয়ার ও অমনিবাস হিসাবের বিষয়টি আইনের আওতায় আনা, রিপিট আইপিও এবং প্রেফারেন্সিয়াল শেয়ার নিরুত্সাহিত করার পক্ষে মতামত দেওয়া হয়।এ ছাড়া পুঁজিবাজারবান্ধব বাজেট প্রণয়ন, সরকারি শেয়ার কেনা, সরকারের প্রণোদনা প্যাকেজ সঠিক সময়ে বাস্তবায়নের দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি মীর্জা সালমান ইস্পাহানি, সহসভাপতি এম কে এম মহিউদ্দিন, ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশীদ লালীসহ উভয় এক্সচেঞ্জের পরিচালকেরা উপস্থিত ছিলেন।