শেয়ারবাজারের বহুল আলোচিত স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথককরণ (ডিমিউচুয়ালাইজেশন) কর্মসূচির (স্কিম) চূড়ান্ত করা হয়েছে। তাতে স্টক এক্সচেঞ্জের ১৩ সদস্যের পরিচালনা পর্ষদের অনুমোদন দেওয়া হয়। আজ বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এই কর্মসূচির অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
কর্মসূচিটি অনুমোদনের ফলে স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পুরোপুরি আলাদা হয়ে যাওয়ার বিষয়টি এখন কেবল প্রক্রিয়াগত সময়ের ব্যাপার। আর স্টক এক্সচেঞ্জের সভাপতিসহ পরিচালনা পর্ষদের স্বতন্ত্র বা স্বাধীন পরিচালকদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে।
বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টক এক্সচেঞ্জের ১৩ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে সাতজনই হবেন স্বতন্ত্র পরিচালক। শেয়ারধারী পরিচালক হতে পারবেন সর্বোচ্চ পাঁচজন আর ভোটাধিকারের ক্ষমতাসহ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও পরিচালক হবেন।
এদিকে শেয়ারধারী পাঁচ পরিচালকের মধ্যে ন্যূনতম একজন হবেন কৌশলগত (স্ট্র্যাটেজিক) বিনিয়োগকারী। তবে যত দিন কৌশলগত বিনিয়োগকারী পাওয়া না যাবে, তত দিন ওই পদটি শূন্য থাকবে। এর ফলে বর্তমান শেয়ারধারীদের মধ্যে পরিচালক হতে পারবেন মাত্র চারজন।
এদিকে পরিচালক, স্বতন্ত্র পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার প্রত্যেকের মেয়াদ তিন বছর হবে বলে উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এ ছাড়া ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জে ‘চিফ রেগুলেটরি অফিসার’-এর একটি পদ থাকবে, যাঁর তত্ত্বাবধানে স্টক এক্সচেঞ্জের রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিভিশন পরিচালিত হবে।
দেশের পুঁজিবাজারের ইতিহাসে এই কর্মসূচি অনুমোদন একটি যুগান্তকারী ঘটনা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক হলে স্টক এক্সচেঞ্জের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। পাশাপাশি গতিশীলতাও বৃদ্ধি পাবে। এ ছাড়াও এর মধ্যমে স্টক এক্সচেঞ্জ অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। শেয়ারধারীরা এর লভ্যাংশ পাবেন।
এদিকে ডিমিউচুয়ালাইজেশন কর্মসূচির বিষয়ে চূড়ান্ত শুনানিতে দেশের দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে ১৫ জনের পরিচালনা পর্ষদ গঠনের প্রস্তাব করা হয়। স্টক এক্সচেঞ্জের সেই প্রস্তাবকে বিবেচনায় নেয়নি বিএসইসি।