স্টক এক্সচেঞ্জের প্রথম পর্ষদ সভাপতি স্বতন্ত্র পরিচালক থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ (ডিমিউচুয়ালাইজেশন) বাস্তবায়নের ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের প্রথম পরিচালনা পর্ষদ গঠনের বিষয়ে আইনগত ব্যাখ্যা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

১৩ অক্টোবর মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত ব্যাখ্যা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দুই স্টক এক্সচেঞ্জে পাঠিয়ে দিয়েছে। তবে ওই দিন স্টক এক্সচেঞ্জ বন্ধ ছিল। বিএসইসি ও দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জের প্রথম পরিচালনা পর্ষদ গঠন নিয়ে জটিলতা দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে বিএসইসি এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের কাছে আইনগত ব্যাখ্যা চায়। তারই পরিপ্রেক্ষিতে ১৩ অক্টোবর অর্থ মন্ত্রণালয় থেকে জটিলতা নিরসন-সংক্রান্ত ব্যাখ্যা পাঠানো হয়।

মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী স্টক এক্সচেঞ্জের বিশেষ সাধারণ সভায় বর্তমান পর্ষদ প্রথম পর্ষদ হিসেবে দায়িত্ব গ্রহণ করবে। পরবর্তীকালে এই পর্ষদ আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে গঠিত পূর্ণাঙ্গ পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। পাশাপাশি বর্তমান পর্ষদ ডিমিউচুয়ালাইজেশনের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে এবং আইনের ধারা ৯(৩) অনুযায়ী গঠিত পর্ষদের হাতে দায়িত্ব হস্তান্তর করা পর্যন্ত প্রথম পর্ষদ হিসেবে দায়িত্ব পালন করতে থাকবে।

স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

আইন অনুযায়ী, বিশেষ সাধারণ সভা বা ইজিএম অনুষ্ঠানের তারিখ থেকে পরবর্তী ১৪ দিনের মধ্যে বিদ্যমান দুই স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জে পরিণত হবে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২৯ অক্টোবর ইজিএমের তারিখ নির্ধারণ করেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ইজিএমের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে ২৫ অক্টোবর। নির্ধারিত তারিখে ইজিএম অনুষ্ঠিত হলে আগামী ১৩ নভেম্বরের মধ্যে দুই স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জে পরিণত হবে।

অর্থ মন্ত্রণালয়ের আইনি ব্যাখ্যা অনুযায়ী, ১৩ নভেম্বরের মধ্যে স্টক এক্সচেঞ্জ দুটির বর্তমান সভাপতিদ্বয়কে বিদায় নিতে হবে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর বিএসইসি ডিমিউচুয়ালাইজেশন কর্মসূচি (স্কিম) অনুমোদন করে।