স্টক এক্সচেঞ্জের সম্পদ ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণের (ডিমিউচুয়া-লাইজেশন) কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত স্টক এক্সচেঞ্জের সম্পদ ক্রয়, বিক্রয় ও হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ নির্দেশনা দিয়েছে।

কমিশনের এক জরুরি সভায় নিষেধাজ্ঞা আরোপের এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিনই তা দুই স্টক এক্সচেঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্দেশনার একটি কপি বিএসইসির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

নির্দেশনায় এ-ও বলা হয়, সম্পদ ক্রয়, বিক্রয় বা হস্তান্তরের জরুরি প্রয়োজন দেখা দিলে সে ক্ষেত্রে কমিশনের অনুমতি নিতে হবে। বিএসইসি বলেছে, এক্সচেঞ্জেস ডিমিউচুয়ালাইজেশন আইনের অধীনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

জানা গেছে, সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ তাদের তহবিলে সংরক্ষিত অর্থ থেকে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে রাজধানীতে জমি কেনার উদ্যোগ নেয়। পরে বিষয়টি বিএসইসি জানতে পেরে সম্পদ ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে ডিএসইর জমি কেনার উদ্যোগটি আপাতত বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর ঊর্ধ্বতন সহসভাপতি আমেদ রশীদ লালী প্রথম আলোকে বলেন, ‘আমাদের সকল সদস্যের দাবির প্রেক্ষিতে আমরা ঢাকায় ১০ বিঘা জমি কিনতে চেয়েছিলাম। দরপত্রের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সঙ্গে এই প্রক্রিয়া এগিয়ে নেওয়াও হচ্ছিল। এই অবস্থায় বিএসইসি সম্পদ ক্রয়, বিক্রয় ও হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে বিএসইসি বলেছে, সম্পদ ক্রয়, বিক্রয় বা হস্তান্তরের জরুরি প্রয়োজন হলে সে ক্ষেত্রে তাদের অনুমোদন নিতে হবে। সে অনুযায়ী আমরা বিএসইসির কাছে সম্পদ ক্রয়ের অনুমোদনের জন্য আবেদন করব।’

জমি কেনার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আহমেদ রশীদ বলেন, ডিমিউচুয়ালাইজেশন হয়ে যাওয়ার কয়েক বছর পর স্টক এক্সচেঞ্জের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও বাজারে আসবে। তখন স্টক এক্সচেঞ্জের সম্পদ পুনর্মূল্যায়ন করা হবে। তাই নগদ টাকার পরিবর্তে সদস্যরা জমি কেনার পক্ষে মত দেন।

এদিকে গত শনিবার এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সভাপতি আল মারুফ খান সম্পদ ক্রয়, বিক্রয় ও হস্তান্তরের নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

আল মারুফ খান বলেন, সম্পদ কেনাবেচা করা হলে তাতে স্টক এক্সচেঞ্জের উদ্বৃত্তপত্রে (ব্যালান্সশিট) পরিবর্তন আসে। তাতে প্রক্রিয়াটিতে দীর্ঘসূত্রতা দেখা দিতে পারে। এ বিবেচনায় বিএসইসির সিদ্ধান্তটি সঠিক হয়েছে।

এ সময় তিনি আরও জানান, সিএসইর তহবিলে প্রায় ৪০০ কোটি টাকা সংরক্ষিত থাকলেও ডিমিউচুয়ালাইজেশনের আগে সম্পদ ক্রয়ের কোনো পরিকল্পনা তাদের নেই।

বর্তমানে ডিএসইর তহবিলে প্রায় ৯০০ কোটি টাকা সংরক্ষিত রয়েছে। এ টাকার একটি অংশ দিয়ে সংস্থাটি স্থায়ী সম্পদ হিসেবে জমি কেনার উদ্যোগ নেয়। এখানে উল্লেখ্য, বর্তমানে স্টক এক্সচেঞ্জ ‘অলাভজনক প্রতিষ্ঠান’ হিসেবে নিবন্ধিত। ফলে এ তহবিল থেকে কোনো ধরনের মুনাফা নিতে পারেন না স্টক এক্সচেঞ্জের সদস্যরা।