স্টক ডিলারদের ঋণসীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে নিবন্ধন পাওয়া স্টক ডিলারদের ঋণসীমা এক কোটি টাকা থেকে বাড়িয়ে তিন কোটি টাকায় উন্নীত করা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক এস এম রবিউল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর আজই পাঠানো হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে নিবন্ধনপ্রাপ্ত কোনো স্টক ডিলারকে তালিকাভুক্ত শেয়ার অথবা ডিবেঞ্চারের বিপরীতে প্রদানযোগ্য ঋণের সর্বোচ্চ সীমা এক কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় এই ঋণসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ-সংক্রান্ত অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।’এতে আরও বলা হয়, ‘বাজারের বৃহত্ স্বার্থে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে নিবন্ধনপ্রাপ্ত যেকোনো স্টক ডিলার নিজ প্রতিষ্ঠানের জন্য (‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরির শেয়ার অথবা ডিবেঞ্চার লেনদেনের ক্ষেত্রে) শুধুমাত্র লোন পাবে। এ ক্ষেত্রে গত ছয় মাসের গড় বাজারমূল্যের ওপর ভিত্তি করে “এ” ক্যাটাগরির শেয়ারের বিপরীতে ৭০ শতাংশ এবং ‘বি’ ক্যাটাগরির শেয়ারের বিপরীতে সর্বোচ্চ ৬০ শতাংশ ঋণ দেওয়া হবে। ঋণের সর্বোচ্চ পরিমাণ হবে তিন কোটি টাকা।’এর আগে গত ১৭ জানুয়ারি ডিএসইর সভাপতি রকিবুর রহমান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে এ-সংক্রান্ত একটি চিঠি দেন। চিঠিতে বলা হয়, ডিএসই মনে করে, স্টক ডিলাররা পুঁজিবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে এসব প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা কমে গেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের (ডিওএস) ১৫ জুন ২০১০ তারিখের ০৪ নম্বর সার্কুলারের ৩(১) (ঙ) নম্বর ধারা অনুযায়ী ব্যাংক থেকে স্টক ডিলারদের জন্য এক কোটি টাকা ঋণ নেওয়ার (‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরির শেয়ার/ডিবেঞ্চার লেনদেনের ক্ষেত্রে) যে বিধান রয়েছে তা পরিবর্তন করে ঋণসীমা ২০ কোটি টাকায় উন্নীত করা যেতে পারে। এতে করে স্টক ডিলারদের সক্ষমতা বেড়ে যাবে এবং এসব প্রতিষ্ঠান বিদ্যমান বাজার পরিস্থিতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলে ডিএসই মনে করে। ডিএসইর ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর সভাপতি রকিবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ডিএসইর পক্ষ থেকে স্টক ডিলারদের ঋণসীমা বাড়ানোর অনুরোধ করা হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক ওই ঋণসীমা এক কোটি টাকা থেকে বাড়িয়ে তিন কোটি টাকায় উন্নীত করেছে।