স্টক ডিলারদের ঋণসীমা বেড়ে তিন কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) লাইসেন্সধারী স্টক ডিলাররা নিজস্ব বিনিয়োগের জন্য এখন থেকে সর্বোচ্চ তিন কোটি টাকা পর্যন্ত ব্যাংকঋণ পাবেন।বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার ব্যাংকগুলোর কাছে এই নির্দেশনা পাঠিয়েছে। এর আগে স্টক ডিলাররা শেয়ারবাজারে নিজেদের বিনিয়োগের জন্য সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ-সুবিধা পেতেন। সম্প্রতি ডিএসইর সভাপতি রকিবুর রহমানের নেতৃত্বে এক প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে দেখা করে দেশের পুঁজিবাজার উন্নয়নে বেশ কিছু দাবি তুলে ধরেন। এই প্রতিনিধিদলে পুঁজিবাজার সমন্বয় কমিটির আহ্বায়ক ও এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদও ছিলেন। বৈঠকের আলোকে গতকাল বাংলাদেশ ব্যাংক স্টক ডিলারদের ঋণসীমা বাড়াতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়।নিদের্শনায় বলা হয়েছে, শেয়ার বা ডিবেঞ্চার ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কোনো স্টক ডিলারকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ার বা ডিবেঞ্চারের বিপরীতে ব্যাংকার-কাস্টমার সম্পর্কের ভিত্তিতে ও অন্যান্য ব্যাংকিং নিয়মাচার পালন এবং প্রয়োজনীয় বন্ধকী দলিলাদির বিপরীতে এই ঋণ দেওয়া হবে। এ ক্ষেত্রে এ ও বি ক্যাটাগরির শেয়ার বা ডিবেঞ্চারের অনুকূলে যথাক্রমে ছয় মাসের গড় বাজারমূল্যের সর্বাধিক ৭০ ও ৬০ শতাংশ পর্যন্ত ঋণ পাওয়া যাবে। তবে এর পরিমাণ তিন কোটি টাকা পর্যন্ত হতে পারবে।