স্টার্নস সেন্টারের গবেষণা বিভ্রান্তিকর: বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে নিউইয়র্ক ইউনিভার্সিটির স্টার্নস সেন্টার ফর বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটসের গবেষণা প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলল বিজিএমইএ। তৈরি পোশাকশিল্প মালিকদের এই সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান আজ রোববার বিকেলে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

সিদ্দিকুর রহমান বলেন, ‘এটা দেশের পোশাকশিল্পের চিত্রও নয়। তাই প্রতিবেদন গ্রহণ করার প্রশ্নই ওঠে না। বিভ্রান্তিকর প্রতিবেদন।’

স্টার্নস সেন্টারের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ৭ হাজার পোশাক কারখানা আছে। এর মধ্যে ৩ হাজার ২০০ কারখানা সরাসরি রপ্তানির সঙ্গে যুক্ত। আর বাকি ৩ হাজার ৮০০ কারখানা ঠিকা কাজ বা সাবকন্ট্রাকটিং করে। পরোক্ষভাবে এগুলো রপ্তানিমুখী কারখানার জন্যই কাজ করে। আর এসব কারখানায় কাজ করা ৩০ লাখ পোশাকশ্রমিক নিরাপত্তাঝুঁকির মধ্যে আছেন।

এ বিষয়ে সিদ্দিকুর রহমান বলেন, ‘৩০ লাখ শ্রমিক ঝুঁকিতে আছেন, এটা হতেই পারে না। বিজিএমইএ ও বিকেএমইএ সদস্য কারখানার কোনো শ্রমিক নিরাপত্তাঝুঁকিতে নেই। কারণ, ক্রেতাদের দুই জোট—অ্যাকর্ড ও অ্যালায়েন্স এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার সহায়তায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্মপরিবেশ উন্নয়নে ৩ হাজার ৬০০ কারখানা পরিদর্শন শেষ হয়েছে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় তাৎক্ষণিকভাবে ৩৭ কারখানা বন্ধ হয়েছে।’

সাবকন্ট্রাকটিংয়ের বিষয়ে সভাপতির বক্তব্য, ‘তথ্যপ্রযুক্তির এই যুগে কারখানায় দিনে কয় পিস পোশাক তৈরি হচ্ছে তার হালনাগাদ হিসাব ক্রেতাকে দিতে হয়। ফলে ইচ্ছা করলেই অনুমোদনহীন কারখানায় সাবকন্ট্রাকটিং করানোর সুযোগ নেই। পরিদর্শন কার্যক্রমের অন্তর্ভুক্ত ৩ হাজার ৬০০ কারখানাগুলো নিজেদের মধ্যে কমপ্লায়েন্ট কারখানায় সাবকন্ট্রাকটিং করাতে পারে। সে জন্য অবশ্যই ক্রেতার অনুমোদন লাগে।’

প্রতিবেদনটির ২৪ নম্বর পৃষ্ঠায় একটি ছবিতে একটি ছেলে সাধারণ সেলাই মেশিনের সামনে দাঁড়িয়ে আছে। সাংবাদিকদের এটি দেখিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, ‘এই মেশিনে রপ্তানিমুখী পোশাক তৈরি হয় না। এগুলো টেইলারিং দোকানে ব্যবহৃত হয়, যার সঙ্গে পোশাকশিল্পের সম্পর্ক নাই।’ সাত হাজার কারখানার বিষয়ে বলেন, ‘হ্যাঁ, থাকতে পারে। প্রতিটি উপজেলা ও গ্রামের টেইলারিং কারখানা ধরলে হবে। সংখ্যাটি আরও বেশি হবে। এসবের দায়িত্ব তো আমরা নিব না।’

স্টার্নস সেন্টারের গবেষণায় উঠে এসেছে দেশে ৫১ লাখ পোশাকশ্রমিক আছে। এর মধ্যে ৫৬ শতাংশ নারী শ্রমিক। সিদ্দিকুর রহমান বলেন, ‘পোশাকশিল্পে কত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা আছে ,সেটির সঠিক তথ্য নেই। তথ্যভান্ডারের কাজ চলছে। ছয় মাস পর সঠিক হিসাব পাওয়া যাবে।’ তবে তিনি দাবি করেন, ‘আমরা বিভিন্ন সময় দেখেছি, এখনো পোশাকশিল্পে কর্মরত মোট শ্রমিকের মধ্যে ৭৫-৮০ শতাংশ নারী।’