আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেট ঘিরে প্রথম আলোর কাছে গতকাল বুধবার ফটোগ্রাফি শিল্প খাতের ব্যবসায়ীদের প্রত্যাশা ও দাবি তুলে ধরেছেন বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সভাপতি আক্কাস মাহমুদ।আক্কাস মাহমুদ বলেন, দেশের সব স্টুডিওকে ফটো নির্মাতা হিসেবে কালার ল্যাবের সঙ্গে একীভূত করে ৪ দশমিক ৫ শতাংশ ভ্যাট আদায় করা হচ্ছে। তা ছাড়া সরকারের খসড়া মূসক আইনে বার্ষিক লেনদেন ২৪ লাখ টাকার নিচে হলে সেই খাতকে ভ্যাটের আওতামুক্ত রাখার কথা বলা হয়েছে। দুটি কারণ বিবেচনা করে স্টুডিওগুলোকে ভ্যাটের আওতামুক্ত রাখা এবং যেসব কালার ল্যাবের লেনদেন ২৪ লাখ টাকার বেশি, শুধু সেগুলো থেকে ভ্যাট নেওয়ার দাবি জানান তিনি।আক্কাস মাহমুদ বলেন, বর্তমানে স্টুডিও ও কালার ল্যাবগুলো কোনোভাবেই ২৫ শতাংশের বেশি লাভ করতে পারে না। কিন্তু সরকার ৪০ শতাংশ লাভ ধরে এই খাত থেকে ভ্যাট আদায় করছে। এটা অযৌক্তিক।অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, পাড়া-মহল্লার কম্পিউটার ও ফটোকপির দোকানগুলো ছবি প্রিন্ট দিয়ে প্রচুর ব্যবসা করলেও কোনো ভ্যাট দিচ্ছে না। তাদের ভ্যাটের আওতায় আনা উচিত।আক্কাস বলেন, বর্তমানে জিডিটাল ক্যামেরা আমদানিতে ২৫ শতাংশ কর দিতে হয়। আবার সেগুলো খালাস করতে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। ক্যামেরার আমদানি শুল্ক কমিয়ে ৩ শতাংশ এবং ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমানে বেশির ভাগ ক্যামেরাই আসছে অবৈধভাবে, কর ফাঁকি দিয়ে। শুল্ক ও ভ্যাট কমানো হলে বৈধ ব্যবসায়ীরাই ক্যামেরা আমদানিতে উৎসাহী হবেন। এতে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে।