যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক দশকে ইরানের আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে গোপনে ৬০ হাজার লেনদেন সম্পন্ন করেছে।এর মাধ্যমে ২০০১ থেকে ২০১০ সালের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড (স্ট্যানচার্ট) ব্যাংক ইরানের সঙ্গে ২৫ হাজার কোটি ডলারের ‘অবৈধ’ লেনদেন সম্পন্ন করেছে।যুক্তরাষ্ট্র সরকার এই অবৈধ লেনদেন চিহ্নিত করেছে। দেশটির নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নয় মাস ধরে অনুসন্ধান করে গত সোমবার এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। ৫৭ পৃষ্ঠার এই প্রতিবেদন তৈরি করতে ৩০ হাজার পৃষ্ঠার দলিল-দস্তাবেজ পরীক্ষা করতে হয়েছে।প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের আর্থিক এই নিয়ন্ত্রক সংস্থা স্ট্যানচার্টকে ‘দুর্বৃত্ত প্রতিষ্ঠান’ হিসেবে অভিহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ব্যাংকটির যাবতীয় কার্যক্রম বন্ধ করারও হুমকি দেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষকে শিগগিরই নিয়ন্ত্রক সংস্থার সামনে হাজির হয়ে তাদের এই অবৈধ কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে নির্দেশ জারি করা হবে বলেও জানানো হয়েছে।যুক্তরাষ্ট্র ১৯৭৯ সাল থেকে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। ১৯৯৫ সালে তা আরও কঠোর করা হয়। এতে ইরানের সঙ্গে ডলারে লেনদেন খুব কঠিন হয়ে পড়ে।তবে স্ট্যানচার্ট ব্যাংক যে লেনদেনগুলো করেছে, তা যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে উৎসারিত ও সমাপ্ত হয়েছে। আর লেনদেনের নিষ্পত্তি করা হয়েছে নিউইয়র্কে ব্যাংকের বিভিন্ন শাখায়।প্রতিবেদনে ব্যাংকের একজন নির্বাহী পরিচালকের একটি ই-মেইল বার্তার উল্লেখ করা হয়েছে। তাতে দেখা যায়, ওই কর্মকর্তা নিউইয়র্ক শাখার একজন কর্মকর্তাকে বলেছেন, ‘আমাদেরকে মানে সারা দুনিয়াকে তোমরা (আমেরিকানরা) বলার কে যে ইরানের সঙ্গে লেনদেন করা যাবে না?’এদিকে স্ট্যানচার্টের এ ঘটনার নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকটি শেয়ারদরের ওপর। গতকাল বিশ্ব শেয়ারবাজারে ব্যাংকটির শেয়ারদরে বড় ধরনের উত্থান-পতন ঘটে। হংকংয়ের বাজারে ১৬ শতাংশ দরপতন ঘটার পর লন্ডনের বাজারে দিনের প্রথম ভাগে ২৫ শতাংশ দরপতন ঘটে।স্ট্যানচার্ট কর্তৃপক্ষ অবশ্য যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ অস্বীকার করে বলেছে, এতে পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয়নি। ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত বিভিন্ন সময়ে ইরানের সঙ্গে লেনদেনের বিষয়ে নিজস্ব পর্যালোচনা প্রতিবেদন আগেই যুক্তরাষ্ট্র সরকারকে দেওয়া হয়েছে। এর পরও সময় সময় হালনাগাদ তথ্য দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি।