স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্প্রতি কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) বিজনেস ডেভেলপমেন্ট অফিস বা ব্যবসায় উন্নয়ন কার্যালয় খুলেছে। ঢাকা, চট্টগ্রাম, আদমজী ও কর্ণফুলী ইপিজেডের পর এটি হলো স্ট্যান্ডার্ড চার্টার্ডের এ ধরনের পঞ্চম কার্যালয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ আনোয়ার, ট্রানজেকশন ব্যাংকিংয়ের প্রধান অপূর্ব জৈন ও কমার্শিয়াল ব্যাংকিংয়ের প্রধান এনামুল হক এবং কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. মেহবুব আলী কার্যালয়টির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আবরার এ আনোয়ার বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি ক্রমবর্ধমান রপ্তানিমুখী শিল্পে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। কুমিল্লা ইপিজেডে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি কার্যালয় স্থাপনের মাধ্যমে গ্রাহকদের কাছাকাছি থেকে সেবা দেওয়া সহজ হবে বলে আমি মনে করি।’ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রথম ১৯৯৪ সালে ঢাকা ইপিজেডে ব্যাংকিং সুবিধা প্রদানের মাধ্যমে ইপিজেডের গ্রাহকদের সেবা দিতে শুরু করে। বিজ্ঞপ্তি