স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স কোম্পানির লাইসেন্স আরও দুই মাস স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স কোম্পানির লাইসেন্স স্থগিতের মেয়াদ আরও দুই মাস বাড়ল।
আজ রোববার থেকে দুই মাস অর্থাৎ ২১ নভেম্বর পর্যন্ত কোম্পানিটি নতুন কোনো বিমা পলিসি ইস্যু করতে পারবে না। নতুন বিমা কাভার নোট এবং বিমা সনদও দিতে পারবে না। তবে আগে ইস্যু করা পলিসির কার্যক্রম চালাতে পারবে।
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গত ১৫ সেপ্টেম্বর কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির কথা জানিয়েছে। আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১৭ জুন তিন মাসের জন্য কোম্পানিটির লাইসেন্স স্থগিত করে আইডিআরএ। এর বিরুদ্ধে কোম্পানিটি ২৯ জুন রিট আবেদন করলে আইডিআরএর স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করে দেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে আইডিআরএ।
চেম্বার আদালত ৬ জুলাই হাইকোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এরপর গত ৩০ জুলাই আপিল বিভাগ আইডিআরএর পক্ষেই আদেশ দেন।
গাজীপুরের কোনাবাড়ীর জারুন নামক এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের বহুতলবিশিষ্ট পোশাক কারখানা ভবন ২০১৩ সালের ২৮ নভেম্বর মধ্যরাতে আগুনে পুড়ে যায়।
আগুন লাগাকে উপলক্ষ করে তখনই স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড গ্রুপের বিভিন্ন কারখানা ও সাধারণ বীমা করপোরেশনের (এসবিসি) বিরুদ্ধে যোগসাজশের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। আইডিআরএর এক নিবিড় তদন্তে পরে তা প্রমাণিতও হয়।
গত ২৬ আগস্ট আইডিআরএতে এক শুনানিতে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ কোম্পানিটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ‘অজ্ঞতা, অনভিজ্ঞতা ও অদক্ষতা’কে দায়ী করে স্বীকারোক্তি দেয় বলে আইডিআরএর চিঠিতে উল্লেখ করা হয়।
স্থগিতের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি কোম্পানিটির কাছ থেকে আগামী এক মাসের মধ্যে গত ১০ বছরের পুনঃ বিমা কার্যক্রমের বছরওয়ারি তালিকাসহ আটটি বিষয়ে তথ্য চেয়েছে আইডিআরএ। দেশের বিমা খাতে কোনো কোম্পানির লাইসেন্স স্থগিত হওয়ার ঘটনা এটাই প্রথম।
স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা অমরকৃষ্ণ সাহা গতকাল প্রথম আলোকে জানান, কোম্পানির পরিচালনা পর্ষদ আইডিআরএর শুনানিতে গিয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কী বলেছে, সে বিষয়ে তিনি অবগত নন।