স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের বিরুদ্ধে আরও অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচিত স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে অনিয়মের আরও অভিযোগ উঠেছে। দেশের বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বিস্ময় প্রকাশ করে বলছে, আইন লঙ্ঘন প্রতিষ্ঠানটির অভ্যাসে পরিণত হয়েছে।
অনিয়মের আশ্রয় নিয়ে রাষ্ট্রীয় অর্থ লুণ্ঠনের চেষ্টার দায়ে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স কোম্পানির লাইসেন্স সাময়িকভাবে স্থগিত রয়েছে। কোম্পানিটির নানামুখী অনিয়ম নিয়ে প্রথম আলোতে ২০১৪ সালের ১৯ মার্চ ‘বিমার টাকা তুলতে অনিয়মের আশ্রয়!’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গত জুনে প্রথম দফায় তিন মাস ও দ্বিতীয় দফায় দুই মাসের জন্য লাইসেন্স স্থগিত করা হয় স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের, যার মেয়াদ শেষ হবে আগামী ২১ নভেম্বর।
লাইসেন্স স্থগিতের পর সংশোধনের সুযোগ দেওয়া হলেও কোম্পানিটি তা কাজে লাগায়নি, উল্টো আরও বেআইনি কর্মকাণ্ডে জড়িয়েছে বলে আইডিআরএর পর্যবেক্ষণে ধরা পড়েছে। গত ২৯ অক্টোবর স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সকে চিঠি দিয়ে আইডিআরএ এসব কথা বলেছে।
স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের ২০০৫-২০১৪ সময়ের পুনর্বিমা বিবরণী বিশ্লেষণ করে আইডিআরএ বলেছে, কোম্পানিটি অনেক পুনর্বিমাযোগ্য ঝুঁকির পুনর্বিমা করেনি। আইডিআরএ ২০১৩-১৪ সময়ের অগ্নিবিমা পলিসি রেজিস্ট্রার খাতা পরীক্ষা করে দেখেছে, আইডিআরএতে পাঠানো তথ্যের সঙ্গে কোম্পানিটির রেজিস্ট্রার খাতার তথ্যের কোনো মিলই নেই। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেছে অর্থাৎ বিমা পলিসির প্রকৃত অঙ্ক গোপন করে কম দেখিয়েছে। ৩৫টি বিমা পলিসির তথ্যের গরমিলের চিত্র আইডিআরএ কোম্পানিটিকে দেখিয়েছে।
স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সকে পাঠানো চিঠিতে আইডিআরএ আরও বলেছে, ২০১৪ সাল পর্যন্ত কোম্পানিটির বিনিয়োগ দেখানো হয়েছে ৭১ কোটি ৭৯ লাখ টাকা। কিন্তু একই সময়ে কোম্পানিটির দায় ৮৫ কোটি ৯০ লাখ টাকা। পুনর্বিমা-সংক্রান্ত আইন পরিপালন না করার কারণে নগদ তহবিলে নেতিবাচক প্রভাব পড়বে।
লাইসেন্স স্থগিত থাকা সত্ত্বেও কোম্পানির চট্টগ্রামের আগ্রাবাদ ও খাতুনগঞ্জ শাখা পলিসি ইস্যু করেছে। আগ্রাবাদ শাখা এমনকি রসিদ বই ব্যবহারেও কোনো ধারাবাহিকতা মেনে চলেনি। রিটেনশন, ট্রিটি ও ফ্যাকালটেটিভের ক্ষেত্রেও অনিয়ম করেছে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স। রিটেনশন হচ্ছে বিমা দাবির যে ন্যূনতম অংশ বিমা কোম্পানি নিজে বহন করে, ট্রিটি হচ্ছে প্রিমিয়ামের বিনিময়ে পুনর্বিমাকারীর সঙ্গে নির্দিষ্ট পরিমাণ অঙ্কের দায় গ্রহণের চুক্তি। এ দুইয়ের পরও যদি কোনো অর্থের ঝুঁকি নিতে হয়, সে ক্ষেত্রে আলাদা প্রিমিয়াম দিতে হয়, আর সেটিই হচ্ছে ফ্যাকালটেটিভ।
এদিকে, এসব লঙ্ঘনের জবাব নেওয়ার জন্য আইডিআরএ গতকাল সোমবার স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদের সদস্যদের এক শুনানিতে ডাকে।
আইডিআরএ সূত্র বলছে, পুনর্বিমাযোগ্য ঝুঁকির সামান্য অংশই পুনর্বিমা করেছে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স। শুনানিতে বিষয়টি স্বীকার করেছে তারা।
তথ্য গোপন বিষয়ে শুনানিতে পর্ষদ বলেছে, তথ্য গোপন করা হয়নি, বরং প্রথাগতভাবে তারা কাজটি করেছে। এ বিষয়ে আইডিআরএ তাদের বলেছে, ইচ্ছে করে কম বিমা অঙ্ক দেখিয়েছে, যাতে পলিসির কিছু অংশ পুনর্বিমার আওতার বাইরে রাখা যায়।
নগদ তহবিলে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা সম্পর্কে শুনানিতে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স বলেছে, সব দায় একই সময়ে পরিশোধ করতে হয় না। তা ছাড়া প্রতিবছর কোম্পানি ৮-১০ কোটি টাকা করে স্থায়ী হিসাব করছে।
সূত্র জানায়, এ বিষয়ে আইডিআরএর পর্যবেক্ষণ হচ্ছে মূলধনের কিছু অর্থ কোম্পানি চাইলেই তারল্যে রূপান্তর করতে পারে না। সে ক্ষেত্রে নগদ তহবিলে নেতিবাচক প্রভাবের শঙ্কা থেকেই যায়।
লাইসেন্স স্থগিত থাকা সত্ত্বেও পলিসি ইস্যুর বিষয়ে কোম্পানির পর্ষদ আইডিআরএকে বলেছে, তাদের অজান্তে শাখা নিজ দায়িত্বে এটা করেছে।
যোগাযোগ করা হলে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের চেয়ারম্যান এইচ টি এম কাদের নেওয়াজ ও প্রধান নির্বাহী অমরকৃষ্ণ সাহা কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, আইনকানুনের লঙ্ঘন হওয়ায় স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের ব্যাপারে আইনানুযায়ীই পদক্ষেপ নেওয়া হবে।