স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের লাইসেন্স বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দফা স্থগিতের পর স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স কোম্পানির বিমা ব্যবসায়ের লাইসেন্স এবার চূড়ান্তভাবে বাতিল করে দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। দেশের আর্থিক খাতে লাইসেন্স বাতিলের ঘটনা এটাই প্রথম।
আইডিআরএ লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানিয়ে গত রোববার কোম্পানিটিকে চিঠি দিয়েছে, যা ওই দিন থেকেই কার্যকর।
আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, আইন লঙ্ঘনের দায়ে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের লাইসেন্স বাতিল করা হয়েছে।
লাইসেন্স বাতিল হওয়ায় কোম্পানিটি নতুন কোনো বিমা চুক্তি করতে পারবে না। তবে আগের চুক্তিগুলোর কার্যক্রম চলমান থাকবে। আইডিআরএর লিখিত অনুমতি ছাড়া কোম্পানিটি আর্থিক লেনদেন করতে এবং কোনো সম্পদ সরাতে পারবে না।
স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সকে কাল বুধবারের মধ্যে মোটর সনদ, নৌ ও অগ্নিবিমার কভারনোটের ব্যবহৃত নম্বর, টাকা জমা নেওয়ার অব্যবহৃত রসিদ এবং ব্যাংক হিসাব বিবরণীর সত্যায়িত কপি আইডিআরএতে দাখিল করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, লাইসেন্স বাতিলের এ ঘটনা থেকে অন্য বিমা কোম্পানিগুলোর শিক্ষা নেওয়া উচিত।
গাজীপুরের কোনাবাড়ীতে স্ট্যান্ডার্ড গ্রুপের বহুতলবিশিষ্ট পোশাক কারখানা ভবন ২০১৩ সালের ২৮ নভেম্বর মধ্যরাতে আগুনে পুড়ে যায়। ওই গ্রুপেরই মালিকানাধীন কোম্পানি স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স।
আইডিআরএর তদন্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে, কারখানায় আগুন লাগার পর রাষ্ট্রীয় অর্থ লুণ্ঠনের চেষ্টা করে স্ট্যান্ডার্ড গ্রুপ ও স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, যাতে সাধারণ বিমা করপোরেশনেরও যোগসাজশ রয়েছে। এ নিয়ে প্রথম আলোতে ২০১৪ সালের ১৯ মার্চ ‘বিমার টাকা তুলতে অনিয়মের আশ্রয়!’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর এ তদন্ত করে আইডিআরএ।
স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের অনিয়মগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পুনর্বিমা না করা, পলিসির অঙ্ক বাড়িয়ে দেখানো, নগদ তহবিলের সক্ষমতা না রাখা ইত্যাদি। এসব কারণে গত জুনে প্রথমে তিন মাসের জন্য ও পরে আরও দুই মাসের জন্য কোম্পানিটির লাইসেন্স স্থগিত করা হয়।
আইডিআরএ বলেছে, লাইসেন্স স্থগিত থাকা অবস্থায়ও কোম্পানিটি আইন মানেনি। দৈবচয়নের ভিত্তিতে আইডিআরএ পরীক্ষা করে দেখেছে, ২০১৩-১৪ অর্থবছরেই ১২৭ কোটি ৫৬ লাখ টাকার পুনর্বিমা করেনি স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স।
আইডিআরএ বলেছে, কোম্পানিটিকে সুযোগ দেওয়া হলেও শোধরায়নি। এমনকি আইডিআরএকে তথ্য দেওয়ার ক্ষেত্রেও কারসাজি করেছে।
তবে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স ৪৫ দিনের মধ্যে আইডিআরএতে আবেদন করতে পারবে। আর ৯০ দিনের মধ্যে সরকারের কাছেও আপিল করতে পারবে তারা। আইনে এ সুযোগ রয়েছে।
স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা অমর কৃষ্ণ সাহা গতকাল প্রথম আলোকে বলেন, ‘লাইসেন্স বাতিলের চিঠি পেয়েছি, পুনর্বিবেচনার জন্য আবেদন করব।’ এর বাইরে কোনো কথা বলতে রাজি নন তিনি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ১৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। আগের দিনের তুলনায় শেয়ার দর কিছুটা বেড়েছে।
এদিকে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় সূত্রে জানা গেছে, বিমা লাইসেন্স বাতিল হলেও কোম্পানিটি বিলুপ্ত হয়নি।