বিমা নিয়ে স্ট্যান্ডার্ড গ্রুপের করা অনিয়ম খতিয়ে দেখতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক গঠিত তদন্ত কমিটির মেয়াদ ১০ দিন বাড়ল।
১৯ মার্চ স্ট্যান্ডার্ড গ্রুপ, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স ও সাধারণ বীমা করপোরেশনের করা অনিয়ম নিয়ে প্রথম আলোতে ‘বিমার টাকা তুলতে অনিয়মের আশ্রয়!’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
এরপর ২১ মার্চ বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল আজ সোমবার (৩১ মার্চ)।
কমিটির প্রধান মোর্শেদুল মুসলিম প্রতিবেদন দাখিলের সময় এক দিন বাকি থাকতে গতকাল রোববার আইডিআরএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কুদ্দুস খানের কাছে সময় বাড়ানোর আবেদন জানালে নতুন সময়সীমা দেওয়া হয় ১০ এপ্রিল।
কমিটির কার্যপরিধিতে অভিযোগের পটভূমি পর্যালোচনা, সব পলিসির তথ্য সংগ্রহ, বিমা দাবি নিষ্পত্তির তথ্য সংগ্রহ ও আইনগত ভিত্তি পর্যালোচনা, পুনঃবিমা ও জরিপ প্রতিবেদনের তথ্য পর্যালোচনা, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ, ভবিষ্যতের প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক ও আইনগত ব্যবস্থা এবং দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার সুপারিশ করতে বলা হয়।
জনস্বার্থে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।