স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কৃষি পুরস্কার ঘোষণা
বিদেশি মালিকানাধীন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কৃষি পুরস্কার ২০১৬ ঘোষিত হয়েছে। দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয় পর্যায়ে দেওয়া হবে এই পুরস্কার। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) সহযোগিতায় আগামী ২৭ মার্চ বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।
ঢাকার একটি হোটেলে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে বক্তব্য দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাশ চৌধুরী এবং বিবিএফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরিফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার পুরস্কার দেওয়া হবে সাতটি শ্রেণিতে (ক্যাটাগরি)। শ্রেণিগুলো হচ্ছে—সেরা উদ্ভাবন ও গবেষণা সহযোগী প্রতিষ্ঠান, সেরা সমর্থন/সহায়তা ও বাস্তবায়ন সহযোগী সংগঠন, কৃষি খাতের প্রযুক্তির সেরা ব্যবহার, সেরা কৃষিপণ্য রপ্তানিকারক, বছরের সেরা পুরুষ কৃষক, বছরের সেরা নারী কৃষক এবং বছরের সেরা কৃষক। তৃতীয়বারের মতো এই কৃষি পুরস্কার দেওয়া হচ্ছে জানিয়ে বক্তারা বলেন, বিজয়ীরা একটি ক্রেস্টসহ পাঁচ লাখ করে টাকা পাবেন। এ ছাড়া প্রত্যেক শ্রেণিতে থাকবে রানারআপ পুরস্কার। তাঁরা পুরস্কার পাবেন নগদ ৫০ হাজার টাকা করে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন গত বছরের বিজয়ী সেরা পুরুষ কৃষক বিল্লাল সিকদার এবং সেরা নারী কৃষক ফাতেমা জোহরা।