স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রুপ সিইওর ঢাকা সফর

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিল উইন্টারস বাংলাদেশ সফর করেছেন। দুই দিনের এ সফরে তিনি গত মঙ্গলবার ঢাকা আসেন। সফরকালে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ ব্যাংকের গুরুত্বপূর্ণ গ্রাহক এবং বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এসব সাক্ষাতে বিল উইন্টারস বিশ্বের যে ৭২টি দেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কার্যক্রম রয়েছে, সেগুলোর জন্য তাঁর নেওয়া কর্মকৌশল তুলে ধরেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ভূমিকা নিয়ে তাঁর চিন্তাভাবনার কথাও জানান।
২০১৫ সালের জুনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রুপ চিফ এক্সিকিউটিভ নিযুক্ত হওয়ার পর এটাই বাংলাদেশে তাঁর প্রথম সফর।
এ প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও আবরার এ আনোয়ার বলেন, ‘বিল উইন্টারসের এ সফর স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৈশ্বিক কার্যক্রমে বাংলাদেশের গুরুত্ব আবার তুলে ধরল। আমরা ১১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে গ্রাহকসেবা দিতে পেরে গর্বিত এবং সামনের দিনগুলোতে তা অব্যাহত রাখতে সংকল্পবদ্ধ।’ বিজ্ঞপ্তি।