স্ট্যান্ডার্ড চার্টার্ডকে ৩৪ কোটি ডলার জরিমানা
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড (স্ট্যানচার্ট) ব্যাংককে ইরানে অবৈধ লেনদেনের অভিযোগে ৩৪ কোটি ডলার জরিমানা গুনতে হবে।নিউইয়র্কের ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এই জরিমানা আরোপ করেছে। বলা হচ্ছে, এই জরিমানা প্রদানের মাধ্যমে স্ট্যানচার্ট তাদের বিরুদ্ধে আনা অবৈধ লেনদেনের অভিযোগের নিষ্পত্তি করতে যাচ্ছে। খবর এএফপির।দুই সপ্তাহ আগে নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক দশকে ইরানের আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে গোপনে ৬০ হাজার লেনদেন সম্পন্ন করেছে।এর মাধ্যমে ২০০১ থেকে ২০১০ সালের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড (স্ট্যানচার্ট) ব্যাংক ইরানের সঙ্গে ২৫ হাজার কোটি ডলারের ‘অবৈধ’ লেনদেন সম্পন্ন করেছে বলে যুক্তরাষ্ট্র সরকার অভিযোগ আনে। এরপর শাস্তিস্বরূপ ব্যাংকটির নিউইয়র্ক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।স্ট্যানচার্ট অবশ্য এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। ব্যাংক কর্তৃপক্ষ দাবি করে যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শর্তপূরণ করেই ইরানের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকটি সীমিত লেনদেন করেছে।এই অবস্থায় ৩৪ কোটি ডলারের জরিমানা আরোপকে অত্যন্ত নমনীয় শাস্তি হিসেবেই দেখা হচ্ছে। আর এই খবরে গতকাল বিশ্ব শেয়ারবাজারে স্ট্যানচার্টের শেয়ারের দর বেড়ে যায়। গতকাল দিন শেষে হংকংয়ের শেয়ারবাজারে স্ট্যানচার্টের বাজারদর আগের দিনের চেয়ে সাড়ে ৬ শতাংশ বেড়ে ১৭৬ দশমিক ৮০ ডলারে ওঠে।অবশ্য ৬ আগস্ট স্ট্যানচার্টের বিরুদ্ধে অবৈধ লেনদেনের অভিযোগ প্রকাশ করার আগে এর শেয়ারদর ছিল ১৮৮ দশমিক ১০ ডলার।জরিমানার পাশাপাশি অভিযোগ নিষ্পত্তির জন্য কিছু শর্ত মেনে নিতেও রাজি হয়েছে স্ট্যানচার্ট। এগুলোর মধ্যে আছে: ব্যাংকের নিউইয়র্ক শাখায় দুই বছরের জন্য সরকারিভাবে মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক তদারকি চালানো এবং যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞা পরিপালনে অভ্যন্তরীণ নিরীক্ষা দল নিয়োগ।ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ সংক্রান্ত বিস্তারিত অল্পদিনের মধ্যেই জানানো হবে।স্ট্যানচার্ট ৫০ লাখ ডলার জরিমানা প্রদান করতে চেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি। শেষ পর্যন্ত ৩৪ কোটি ডলারে রফা হয়েছে।ব্যাংকের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এটা স্ট্যানচার্টের জন্য খুব বড় আর্থিক বোঝা হবে না। কেননা, এ বছরের প্রথমার্ধে তারা ৩৯৫ কোটি ডলার মুনাফা করেছে।