স্থবির বিএফটিআই গতিশীল করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) ঝিমিয়ে পড়া কার্যক্রমে গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিএফটিআই প্রকল্পের তহবিল নতুনভাবে অনুমোদন করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। ৬৮ কোটি ৪২ লাখ টাকার তহবিল দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুরু হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের প্রক্রিয়াও।বাণিজ্য মন্ত্রণালয় ও বিএফটিআই সূত্রগুলো বলছে, প্রকল্পের মেয়াদ ও অর্থ শেষ হওয়ার পর থেকে এক প্রকার নিষ্প্রভ হয়ে পড়ে প্রতিষ্ঠানটি। তা ছাড়া প্রয়োজনের তুলনায় জনবলও নেই। এক বছর ধরে প্রধান নির্বাহী কর্মকর্তাও (সিইও) নেই।এই অবস্থায় নতুন সিইও নিয়োগ দিয়ে বিএফটিআইকে গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বিএফটিআই প্রকল্পসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে।যোগাযোগ করা হলে বিএফটিআইয়ের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল হোসেন মিঞা প্রথম আলোকে বলেন, ‘বিএফটিআইয়ের প্রকল্প শেষ হয়ে গিয়েছিল, তাই গতিও ছিল না। তা ছাড়া কাজ করার মতো লোকও এখানে নেই। তাই প্রকল্প শেষ হওয়ার পর থেকে শুধু কিছু রুটিন ওয়ার্ক হয়েছে।’ আন্তর্জাতিক বাণিজ্যে দর-কষাকষি ও সমঝোতা কৌশল নির্ণয় করার জন্য গবেষণাসহ সরকারকে ও বেসরকারি খাতকে বিভিন্ন ধরনের সহযোগিতা দিতে এবং বিভিন্ন প্রয়োজনীয় প্রশিক্ষণের আয়োজন করতে ২০০৩ সালে বিএফটিআই গঠন করা হয়। সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে পরিচালিত এই গবেষণা প্রতিষ্ঠানটি প্রথম থেকেই চলছিল ইইউর তহবিল দিয়ে।কার্যক্রমে গতি নেই: বিএফটিআই সূত্র জানায়, ২০০৯ সালের সেপ্টেম্বরে এই প্রকল্পের মেয়াদ শেষ হয়। এর পর থেকেই কাজের গতিও কমে আসে সংস্থাটির। প্রকল্পভিত্তিক হয়ে পড়ায় সংস্থাটি এত বছরেও আশানুরূপভাবে অগ্রসর হতে পারেনি।বিএফটিআইকে গতিশীল ও কার্যকর করার বিষয়ে ২ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় বলা হয়, সুনির্দিষ্ট কিছু উদ্দেশ্যে বিএফটিআই প্রতিষ্ঠিত হয়। কিন্তু এসব উদ্দেশ্য পূরণে বিএফটিআই কার্যকর ভূমিকা রাখতে পারছে না।জানা গেছে, সভায় নিজস্ব জনবলের মাধ্যমে বিএফটিআইকে কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর জোর দেওয়া হয়। তা ছাড়া সংস্থাটিকে গতিশীল করতে বাণিজ্য মন্ত্রণালয় এবং বিএফটিআইকে যৌথভাবে একটি অবস্থানপত্র তৈরি করতেও বলা হয়েছে।বিএফটিআইয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় নীতি গবেষণা ও অ্যাডভোকেসির যেসব কাজ দিচ্ছে, আমরা করে দিচ্ছি। কিন্তু তা সীমিত পর্যায়ে। লোকবল ও তহবিল না থাকায় কাজ ঠিকমতো হচ্ছে না।’জনবল কম: বিএফটিআই কার্যক্রম ঝিমিয়ে পড়ার আরেকটি বড় কারণ হচ্ছে লোকবলের অভাব। বিএফটিআইয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে জানান, ২০০৯ সালে সংস্থাটিতে কর্মরত ব্যক্তির সংখ্যা ছিল নয়জন। গত বছর সেটা মাত্র তিনজনে নেমে আসে। এখন আছেন পাঁচজন।জানা গেছে, বিএফটিআই কোম্পানি আইনে প্রতিষ্ঠিত হলেও এখনো নিজস্ব জনবল নিয়োগ ও নিয়োগবিধি প্রণীত হয়নি। প্রকল্পের অর্থায়নে নিয়োগ করা জনবল দিয়েই এখনো সংস্থাটি চলছে। ফলে প্রকল্পের মেয়াদ শেষে বিএফটিআইয়ের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।সূত্র জানায়, সংস্থাটির নিয়োগ বিধি প্রণয়নের কাজ চলছে। এটি হলে বিধি অনুযায়ী নিয়োগ হবে। নতুন তহবিলে প্রকল্পের জনবল ধরা হয়েছে নয়জন। এই জনবলও বিএফটিআইয়ের মতো একটি সংস্থার জন্য যথেষ্ট নয়।সাম্প্রতিক উদ্যোগ: বিএফটিআই প্রকল্পে নতুন করে ছয় বছরের অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন। প্রকল্পের সময়সীমা ধরা হয়েছে ২০০৯ সালের অক্টোবর থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত।এদিকে, চলতি মাসেই সিইও নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে বিএফটিআই। ইতিমধ্যে নয়টি আবেদন পাওয়া গেছে। এসব আবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তা ছাড়া বিএফটিআইয়ের জন্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে।বিএফটিআইয়ের ভারপ্রাপ্ত সিইও আবুল হোসেন মিঞা বলেন, ‘এ ধরনের একটি ভালো সংস্থা নিজস্ব অর্থে পরিচালিত হতে পারলে খুব ভালো হতো। কিন্তু এটা হয়ে গেছে প্রকল্পভিত্তিক।’আবুল হোসেন আশা করেন, নতুন সিইও এলে বার্ষিক ভিত্তিতে কর্মপরিকল্পনা তৈরি করবেন। আর প্রয়োজনীয় জনবল নিয়োগ হলে সেগুলো সহজেই বাস্তবায়ন করা সম্ভব হবে।