স্থবির বিবিরবাজার স্থলবন্দর
১৮-দলীয় জোটের টানা অবরোধের কারণে স্থবির হয়ে পড়েছে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর। অবরোধের কারণে এই বন্দর দিয়ে রপ্তানি পণ্যবাহী ট্রাক ভারতে যেতে পারছে না। উভয় দেশের মধ্যে যাত্রী পারাপারও কমে গেছে। সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কটকবাজার এলাকার এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে সিমেন্ট, পাথর, রড ও প্লাস্টিকের পণ্যসামগ্রী ভারতের ত্রিপুরা রাজ্যে রপ্তানি হচ্ছে। তবে কোনো পণ্য আমদানি হচ্ছে না।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, স্থলবন্দর এলাকায় পণ্যবাহী কোনো গাড়ি নেই। যাত্রীদের আসা-যাওয়াও তেমন একটা চোখে পড়েনি। নেই শ্রমিকদের কর্মচাঞ্চল্য। খাবার হোটেলগুলোও বন্ধ।
জানতে চাইলে স্থলবন্দর লিজ নেওয়া প্রতিষ্ঠান বেক্সিমকো পোর্টস লিমিটেডের স্টোর ইনচার্জ নাজমুল হাসান বাসার বলেন, ‘আমদানি-রপ্তানি না থাকায় আমরা বসে বসে সময় কাটাচ্ছি।’
স্থলবন্দরটির শুল্ক পরিদর্শক সজল চক্রবর্তী বলেন, ‘অবরোধের কারণে মালবাহী ট্রাক কম আসছে। যাত্রীদের আসা-যাওয়া কম।’
উল্লেখ্য, ২০০৬ সালের ১ জানুয়ারি বিবিরবাজার স্থলবন্দর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০০৯ সালের ২৩ এপ্রিল বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর শেফার্ড কুমিল্লা ল্যান্ডপোর্ট লিমিটেড ২৫ বছরের জন্য বন্দরটি ইজারা নেয়। লোকসান হওয়ার কারণে তারা ছেড়ে যায়। এরপর ২০১০ সালের সেপ্টেম্বর মাসে বেক্সিমকো পোর্টস লিমিটেড সেটির ইজারা নেয়।