স্থবির হয়ে গেছে ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সীমান্তসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গে হরতালের সময় এভাবেই পণ্যবাহী ট্রাক আটকা পড়ে ষ ছবি: বিজনেস লাইন
বাংলাদেশ সীমান্তসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গে হরতালের সময় এভাবেই পণ্যবাহী ট্রাক আটকা পড়ে ষ ছবি: বিজনেস লাইন

বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৮ দলে আহূত টানা ৬০ ঘণ্টার হরতালে প্রতিবেশী ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যত স্থবির হয়ে গেছে।
দুই দেশের সীমান্তে অবস্থিত বিভিন্ন স্থলবন্দর ভারত থেকে আমদানি পণ্যবাহী ট্রাক যেমন প্রবেশ করতে পারছে না, তেমনি বাংলাদেশ থেকে রপ্তানিমুখী পণ্য নিয়ে ট্রাকও ভারতে যেতে পারছে না।
বাংলাদেশের প্রধান স্থলবন্দর বেনাপোলে গত দুই দিনে কোনো ট্রাক প্রবেশ করেনি বা কোনো ট্রাক সীমান্ত পেরিয়ে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে যায়নি। প্রথম আলোর যশোর প্রতিনিধি জানান, বেনাপোল স্থলবন্দরের অভ্যন্তরে বিভিন্ন কাজকর্ম চলছে। কিন্তু আমদানি-রপ্তানির জন্য পণ্য ওঠানো-নামানো বন্ধ রয়েছে।
বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে বাণিজ্যের প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়ে থাকে। এই পথেই সবচেয়ে বেশি যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করে থাকেন।
সাতক্ষীরা থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। গত রোববার দুপুর ১২টার দিকে হরতাল সমর্থনকারীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনানো পর বন্দরের আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত সীমান্তে গত দুই দিনে ৪০০ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। ভোমরা বন্দরের সহকারী কমিশনার উত্তম বিশ্বাস ঘটনা নিশ্চিত করে বলেন, ভারতীয় ট্রাক ক্ষতিগ্রস্ত হলে দায়িত্ব কে নেবে? এসব কারণে দুই দিন ধরে সব ধরনের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন।
ভারতীয় পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ডের অনলাইন প্রতিবে দনে বলা হয়েছে, বাংলাদেশ ৬০ ঘণ্টা হরতালের কারণে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
এতে আরও বলা হয়েছে, হরতালে বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর বাণিজ্য মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশ সীমান্তসংলগ্ন ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়েছে।
আগরতলা আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক হাবুল বিশ্বাস জানিয়েছেন, ত্রিপুরা রাজ্যসংলগ্ন বাংলাদেশের আখাউড়া ও অন্যান্য শুল্ক স্টেশনে সাত শতাধিক শ্রমিক নিয়মিত কাজ করেন। কিন্তু হরতালের কারণে বাংলাদেশ সীমান্তে শ্রমিক পাওয়া যাচ্ছে না, আবার ট্রাকচালকেরা নিরাপত্তার অভাবে পণ্য নিয়ে প্রবেশ করতে পারছে না। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ রয়েছে।