স্থবিরতা থেকে সংকোচনে ইউরো অঞ্চলের অর্থনীতি
আর্থিক সংকটে নিমজ্জিত ইউরো অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আগের প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) চেয়ে দশমিক ২০ শতাংশ সংকুচিত হয়েছে বা কমে গেছে।ইউরোস্ট্যাটের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, ইউরো অঞ্চলের প্রবৃদ্ধির হার প্রথম প্রান্তিকে ছিল শূন্য। আর দ্বিতীয় প্রান্তিকে তা নেতিবাচক পর্যায়ে নেমে এসেছে।ইউরোপের যে ১৭টি দেশ অভিন্ন মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করে থাকে, তাদের নিয়ে ইউরো অঞ্চল গঠিত। আলোচ্য সময়ে ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানির প্রবৃদ্ধির হার হয়েছে দশমিক ৩০ শতাংশ। মূলত রপ্তানি কিছুটা বৃদ্ধি ও অভ্যন্তরীণ ভোগব্যয় বেড়ে যাওয়ায় এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।আগের দুই প্রান্তিকের মতো এ প্রান্তিকেও ফ্রান্সের অর্থনীতি স্থবির রয়েছে। অর্থাৎ প্রবৃদ্ধির হার শূন্য। তবে এটাকেই ভালো হচ্ছে এ জন্য যে ধারণা করা হয়েছিল, ফরাসি অর্থনীতি আরও সংকুচিত হবে। শুধু ইউরো অঞ্চল নয়, সামগ্রিকভাবে ২৭ দেশ নিয়ে গঠিত ইউরোপীয় ইউনিয়নের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দশমিক ২০ শতাংশ হারে সংকুচিত হয়েছে। মোটা দাগে একটি নির্দিষ্ট সময়ে একটি অর্থনীতিতে মোট যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদিত হয়, তা-ই হলো জিডিপি।প্রাপ্ত পরিসংখ্যান থেকে আরও দেখা যায় যে ইউরো অঞ্চলের দেশগুলোর মধ্যে পর্তুগালের জিডিপি এক দশমিক ২০ শতাংশ হারে, সাইপ্রাসের দশমিক ৮০ শতাংশ হারে এবং ইতালির দশমিক ৭০ শতাংশ হারে কমে গেছে।প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধির হার শূন্য হওয়ার মানে হলো ইউরো অঞ্চল সামগ্রিকভাবে এখনো মন্দার মধ্যে প্রবেশ করেনি। সাধারণত, পরপর দুই প্রান্তিকে প্রবৃদ্ধি হার নেতিবাচক হলে কোনো অর্থনীতি মন্দায় পতিত হয়েছে বলে ধরে নেওয়া হয়।বিশ্লেষকেরা অবশ্য বলছেন, আবার মন্দার মধ্যে পতিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। তাঁরা বলছেন, বাজেট ঘাটতি হ্রাস, সুদের হার বৃদ্ধি ও সার্বভৌম ঋণ বেড়ে যাওয়ার একটি দুষ্ট চক্রে ইউরো অঞ্চলের দেশগুলো পতিত হয়েছে। আর তাই তৃতীয় প্রান্তিকে সরকারগুলোর দিক থেকে বড় ধরনের সংশোধনমূলক পদক্ষেপ প্রয়োজন। গ্রিস, স্পেন, ইতালি, সাইপ্রাস ও পর্তুগাল অবশ্য মন্দার মধ্যেই রয়েছে। এরা সবাই ইউরোপীয় তহবিল থেকে সহায়তা পাচ্ছে। সূত্র: বিবিসি।