স্থলবন্দর অচল, ব্যাহত বাণিজ্য
টানা অবরোধে সীমান্তবর্তী স্থলবন্দরগুলো দিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য অনেকটাই অচল হয়ে পড়েছে। এতে একদিকে যেমন পণ্য আমদানি-রপ্তানি কম হচ্ছে, অন্যদিকে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
শনি থেকে বৃহস্পতি—টানা ছয় দিন বন্ধ থাকার পর শুক্রবার স্থলবন্দরগুলোতে আমদানি-রপ্তানি শুরু হয়। আবার গতকাল শনিবার থেকে তিন দিনের অবরোধ শুরু হয়েছে। এতে আবারও বন্ধ হয়ে গেছে বন্দরের কার্যক্রম। মাঝের এই সময়ে স্থলবন্দরের পণ্যজট কাটানো যায়নি।
ফলে গতকালও বেনাপোল ও বাংলাবান্ধা বন্দরের উভয় পাশে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানি হওয়া পণ্যবাহী অন্তত ২০০ ট্রাক আটকে আছে। এসব পণ্যের অধিকাংশই শিল্পের কাঁচামাল। এর মধ্যে আছে তৈরি পোশাকশিল্পের কাপড়, রাসায়নিক, মূলধনি যন্ত্র ও যন্ত্রাংশ। কয়েকটি ট্রাকে আছে পচনশীল পণ্যও। বন্দরের শেডেও পণ্য রাখার জায়গার সংকট দেখা দিয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক মল্লিক আনোয়ার প্রথম আলোকে বলেন, বন্দরে যে পরিমাণ জায়গা রয়েছে, সেখানে আগামী তিন দিনের আমদানি হওয়া পণ্য রাখা যাবে। অর্থাৎ ৬০০ ট্রাক পণ্য সেখানে রাখা যাবে। এরপর পচনশীল পণ্য ছাড়া আর কোনো পণ্যবাহী ট্রাক সেখানে রাখতে দেওয়া হবে না।
বন্দর সূত্রে জানা গেছে, বন্দরটিতে বর্তমানে ৩৫ হাজার টন পণ্য রয়েছে, যেখানে মোট ধারণক্ষমতা ৫০ হাজার টনের।
এই বন্দর দিয়ে গত বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে শনিবার ভোর ছয়টা পর্যন্ত ৬০০ ট্রাক পণ্য, ৬০টি ট্রাকের চ্যাসিস ও ২০টির মতো ট্রাক্টর খালাস হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে নির্ধারিত সময়ে পণ্য খালাস করতে না পেরে লোকসান গুনছেন আমদানি-রপ্তানিকারকেরা। আবার কাজ না থাকায় বন্দর শ্রমিকদের অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হচ্ছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার কাজী আল তারিক বলেন, হরতাল-অবরোধের কারণে নভেম্বর মাসে এ বন্দরের কার্যক্রম চলেছে ৮ থেকে ১০ দিন। অবরোধে স্থলবন্দরের উভয় পাশে এখনো অর্ধশত ট্রাক আটকে আছে।
জানা গেছে, ভারত ও নেপাল থেকে আসা ডাল, চাল এবং ভুষিবোঝাই প্রায় ২০টি ট্রাক স্থলবন্দরটিতে সাত দিন ধরে পড়ে আছে। ভারতীয় এসব ট্রাকের চালক-শ্রমিকের খরচসহ প্রতি ট্রাকে এক হাজার ভারতীয় রুপি ভর্তুকি দিতে হচ্ছে আমদানি-রপ্তানিকারকদের। একই অবস্থা ওপারে ভারতের ফুলবাড়ী স্থলবন্দরেও। সেখানেও ২৫ থেকে ৩০টি পণ্যবোঝাই ট্রাক আটকে আছে। এতে ব্যবসায় আগ্রহ হারাচ্ছেন নেপাল ও ভারতের ব্যবসায়ীরা।
আমদানিকারক হারুন উর রশিদ জানান, পরিবহন সমস্যার কারণে স্থলবন্দরের তার প্রায় দুই হাজার টন পাথর পড়ে আছে। ব্যাংকঋণের টাকায় আমদানি করা এসব পাথর পরিবহন করতে না পারায় তিনি বসে বসে লোকসান গুনছেন।
বন্দরের কাস্টমসের সহকারী কমিশনার এস এম আরেফিন জাহেদী বলেন, প্রতিদিন ২৫ থেকে ৩০ লাখ টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।
ট্রাকের সংকট, ভাড়াও চড়া: ভাঙচুর ও অগ্নিসংযোগের ভয়ে মালিকেরা রাস্তায় ট্রাক নামানোর সাহস দেখাচ্ছেন না। যাঁরা ঝুঁকি নিয়ে ট্রাক নামাচ্ছেন, তাঁরা ভাড়া হাঁকছেন তিন গুণ বেশি।
আমদানিকারক আলম এন্টারপ্রাইজের প্রতিনিধি আবদুল মুন্নাফ প্রথম আলোকে বলেন, স্বাভাবিক সময়ে বেনাপোল থেকে ঢাকায় পণ্য নিতে ২০ থেকে ২৫ হাজার টাকা ভাড়ায় ট্রাক পাওয়া যায়। এখন দিতে হচ্ছে ৬০ থেকে ৭০ হাজার টাকা।
বেনাপোলের এইচআরটি ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী মিকাইল হোসেন বলেন, রাস্তায় নামালেই ট্রাকে ভাঙচুর ও আগুন দেওয়া হচ্ছে। এ ক্ষতি পুষিয়ে নিতেই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। শুক্রবার ৭৫ হাজার টাকা পর্যন্ত ট্রাকের ভাড়া নেওয়া হয়েছে বলেও তিনি জানান।