স্থলবন্দরগুলোয় রাজস্ববঞ্চিত হচ্ছে সরকার
স্থলবন্দরগুলো অচল হয়ে পড়ায় বড় ধরনের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
সোনামসজিদ স্থলবন্দরের সহকারী কমিশনার মতিউজ্জামান বিশ্বাস জানান, অবরোধে ডিসেম্বরে বন্দরের কাজ হয়েছে মাত্র দেড় দিন। নভেম্বরে কাজ হয়েছিল ১৬ দিন। নভেম্বর থেকে এ পর্যন্ত সরকার রাজস্ব হারিয়েছে প্রায় ২০ কোটি টাকা।
ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার উত্তম কুমার বিশ্বাস জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকায় এ বন্দর থেকে সরকার প্রতিদিন গড়ে ৫০ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট অঞ্চলের কমিশনার হোসেন আহমদ বলেন, গত বছরের নভেম্বরে সিলেটের ১১টি শুল্ক স্টেশনে লক্ষ্যমাত্রার চেয়ে ১৮-১৯ শতাংশ বেশি আয় হয়েছিল। এবারের নভেম্বরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার, ৩৪ কোটি ৬২ লাখ টাকা। কিন্তু আয় হয়েছে ২৯ কোটি ৪৪ লাখ টাকা। ডিসেম্বরেও কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হবে না।
বুড়িমারী স্থলবন্দরে প্রতি মাসে দুই কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হলেও চলতি মাসে মাত্র এক দিন বন্দর খোলা থাকায় আদায় হয়েছে মাত্র ছয় লাখ টাকা। কার্যক্রম না থাকায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সরকার শুধু পাথর আমদানি থেকেই প্রতিদিন ১৫ থেকে ২০ লাখ টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে।